চোখেমুখে বিষণ্ণতা, মাথা নিচু করে ভিড় কাটালেন দেব! ভাইরাল ভিডিও ঘিরে উত্তাল নেটপাড়া, কী ঘটল?
জনপ্রিয় জননেতা ও অভিনেতা দেবকে ঘিরে 'চোর চোর' স্লোগান তুলছেন একদল মানুষ।
Truth of Bengal: রাজনীতির ময়দানে এক যুগের সফল সফর, পরপর তিনবার সাংসদ হিসেবে হ্যাটট্রিক— অথচ ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বাংলার রাজনৈতিক পালাবদলের আবহে চরম অপমানের শিকার হলেন টলিউড সুপারস্টার দেব। তৃণমূল কংগ্রেসের শোচনীয় পরাজয়ের পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও ঘিরে এখন উত্তাল নেটপাড়া। যেখানে দেখা যাচ্ছে, একসময়ের জনপ্রিয় জননেতা ও অভিনেতা দেবকে ঘিরে ‘চোর চোর’ স্লোগান তুলছেন একদল মানুষ।
ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে, কালো টি-শার্ট পরিহিত দেবের চোখেমুখে গভীর বিষণ্ণতা। নিরাপত্তারক্ষীদের ঘেরাটোপে মাথা নিচু করে, হাত জোড় করে ভিড় কাটিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন তিনি। ২০১১ সালে বাম শাসনের অবসানের পর ২০১৪ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাজনীতিতে পা রেখেছিলেন দীপক অধিকারী ওরফে দেব। গত ১২ বছরে তাঁর সৌজন্যবোধ এবং মার্জিত আচরণের প্রশংসা করেছেন খোদ বিরোধীরাও। প্রচারমঞ্চে দাঁড়িয়ে কখনও কুরুচিকর মন্তব্য বা ব্যক্তিগত আক্রমণ করতে দেখা যায়নি তাঁকে। বরং সবসময় উন্নয়নের খতিয়ান তুলে ধরে ইতিবাচক রাজনীতির কথা বলেছেন তিনি।
ভিডিওর সত্যতা যাচাই করেনি ট্রুথ অফ বেঙ্গল
তৃণমূলের এই বিপর্যয়ের দিনে দেবের মতো একজন ব্যক্তিত্বের এমন হেনস্থা দেখে ব্যথিত তাঁর অগণিত অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা। তাঁদের মতে, যে মানুষটি রাজনীতির ময়দানে সবসময় সৌজন্যের নজির গড়েছেন, তাঁর সঙ্গে এই আচরণ কোনোভাবেই কাম্য নয়। নেটদুনিয়ায় অনেকেই প্রশ্ন তুলেছেন, রাজনৈতিক আদর্শের লড়াই থাকতেই পারে, কিন্তু একজন শিল্পীর সম্মান কি এভাবে ধুলোয় মেশানো সাজে?
ভিডিওটি দাবানলের মতো ছড়িয়ে পড়তেই ভক্তদের পক্ষ থেকে ধেয়ে আসছে অনুরোধের বন্যা। অধিকাংশ অনুরাগীরই দাবি, “দয়া করে আপনি এবার রাজনীতি থেকে সরে দাঁড়ান।” অনেকেই লিখেছেন, প্রিয় তারকাকে রাজনীতির এই কাদা ছোড়াছুড়ির মধ্যে আর দেখতে চান না তাঁরা। ভক্তদের স্পষ্ট আর্জি— এবার দেব কেবল সিনেমার রুপালি পর্দাতেই সীমাবদ্ধ থাকুন, কারণ নোংরা রাজনীতির ময়দান তাঁর মতো পরিচ্ছন্ন ভাবমূর্তির মানুষের জন্য নয়। একযুগের রাজনৈতিক ইনিংসের শেষে এই অনভিপ্রেত ঘটনা দেবের কেরিয়ারে এক বড়সড় প্রশ্নচিহ্ন খাড়া করে দিল।






