স্বাস্থ্য

প্যাকেটজাত খাবারেই লুকিয়ে সর্বনাশ! গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য

কৃত্রিম শর্করা মিশ্রিত ঠান্ডা পানীয় খেলে কমবয়সিদের ৩৪% মানসিক উদ্বেগের পরিমাণ বাড়ে

Truth of Bengal: আজকালকার কর্মব্যস্ত জীবনে সব বয়সের মানুষই প্যাকেটজাত মুখরোচক খাবার, ফ্রোজেন খাবার ও কৃত্রিম শর্করা দেওয়া ঠান্ডা পানীয় খেতে অভ্যস্ত। এসব খাবার সময় বাঁচালেও আল্ট্রা প্রসেসড খাবার খাওয়ার প্রবণতার প্রভাবে শুধু শরীরে অবাঞ্ছিত মেদই জমে না। তা পেশির স্বাস্থ্যর ওপর ক্ষতিকর প্রভাব ফেলে। আঙ্কারা বিশ্ববিদ্যালয়ের গবেষক জেহরা আক্কাইয়ার নেতৃত্বে একদল গবেষকের করা সাম্প্রতিক এক গবেষণা রিপোর্টে এমনই দাবি করা হয়েছে। Radiology নামক জার্নালে প্রকাশিত হয়েছে গবেষণাপত্র। অন্যদিকে, আলাদা এক গবেষণা রিপোর্টে দাবি করা হয়েছে, কৃত্রিম শর্করা মিশ্রিত ঠান্ডা পানীয় খেলে কমবয়সিদের ৩৪% মানসিক উদ্বেগের পরিমাণ বাড়ে।

Bournemouth University র একদল গবেষক কমবয়সিদের কৃত্রিম শর্করা মিশ্রিত ঠান্ডা পানীয় খাওয়ার প্রবণতা নিয়ে ৯টি আলাদা আলাদা গবেষণা চালান। গবেষকদের দাবি কৃত্রিম শর্করা মিশ্রিত এসব ঠান্ডা পানীয়তে পুষ্টি না থাকলেও ক্যালরি বাড়িয়ে তোলে। এছাড়াও অনেক এনার্জি ড্রিঙ্কে কৃত্রিম শর্করা ছাড়াও ক্যাফিন থাকে যা হৃদপিণ্ডর ধুকপুকানি বাড়িয়ে তোলে। অযথা মানসিক উদ্বেগ ও উত্তেজনা বাড়িয়ে তোলে। গবেষণা প্রকাশিত হয়েছে Human Nutrition and Dietetics নামক জার্নালে।

গত বেশ কয়েক বছর ধরে স্থুলকায় আর অস্টিওআর্থরাইটিসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গবেষকরা দেখেন,
এসব আল্ট্রা প্রসেসড খাবারের স্বাদ ও ব্যবহারের মেয়াদ বাড়ানোর জন্য যথেচ্ছ পরিমাণে নুন, কৃত্রিম শর্করা ও ক্ষতিকর ফ্যাট মেশানো হয়। এসব আল্ট্রা প্রসেসড খাবারের পৌষ্টিক মূল্য কিছু নেই। এসব আল্ট্রা প্রসেসড খাবার খাওয়ার ফলে
পেশির টিস্যুতে মেদ জমতে শুরু করে। এতে পেশির কার্যকারিতা বিঘ্নিত হয়। চলাফেরা, দাঁড়িয়ে থাকলে অসুবিধা হয়।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, এনার্জি ড্রিঙ্ক খেলে সাময়িক ভাবে এনার্জি বেড়ে যায়। কিন্তু তারপর মানসিক উদ্বেগ ও উত্তেজনা দেখা যায়। এনার্জি ড্রিঙ্কে থাকা ক্যাফিন হৃদপিণ্ডর গতি বাড়িয়ে তোলে। শ্বাসকষ্ট দেখা যায়।

Related Articles