গরম, ধুলোবালি ও দূষণে নিষ্প্রাণ চুল কীসের ছোঁয়ায় হবে নরম, মসৃণ?
অ্যালোভেরা বা ঘৃতকুমারী প্রাচীন সময় থেকে ত্বক ও চুলের পরিচর্যায় ব্যবহার করা হয়ে আসছে।
Truth of Bengal: এক ঢাল নরম, মসৃণ চুলের শখ সবারই থাকে। কিন্তু গ্রীষ্মে অতিরিক্ত গরম, ঘাম, ধুলোবালি ও দূষণের কারণে চুল হয়ে ওঠে রুক্ষ, শুষ্ক ও নিষ্প্রাণ। মাথার তালু তৈলাক্ত থাকলেও চুলের ডগা ফেটে চৌচির হয়ে যায়। চুলের গোড়াও নড়বড়ে হয়ে গিয়ে অকালে চুল ঝরতে থাকে। এই পরিস্থিতিতে নামি-দামি বিউটি প্রোডাক্ট নয় ঘরোয়া প্রাকৃতিক উপাদানে মিলতে পারে সমাধান। অ্যালোভেরা বা ঘৃতকুমারী প্রাচীন সময় থেকে ত্বক ও চুলের পরিচর্যায় ব্যবহার করা হয়ে আসছে। ভিটামিন এ,সি,ই, বি১২, ফলিক অ্যাসিড ও খনিজ পদার্থে সমৃদ্ধ অ্যালোভেরা চুলকে সঠিকভাবে পুষ্টি জোগায়। অ্যালোভেরায় থাকে অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড যা মাথার তালুতে রক্ত সঞ্চালন বাড়িয়ে তোলে। চুলের গোড়া মজবুত করে। চুলের রুক্ষ শুষ্ক ভাব দূর করে। মাথার তালুর সংক্রমণ, লালচে ভাব ও চুলকানি দূর করে। Eloinin নামক পদার্থ আছে অ্যালোভেরায় যার কারণে চুল দ্রুত বাড়ে।
এছাড়াও অ্যালোভেরায় থাকে প্রোটিওলাইটিক এঞ্জাইম বা উৎসেচক যা মাথার তালু থেকে মরা কোষ ও ময়লা দূর করতে সাহায্য করে। নতুন চুল গজাতে সাহায্য করে। এছাড়াও চুল রুক্ষ ও শুষ্ক হয়ে গেলে অ্যালোভেরা জেল মাথার তালুর আর্দ্রতা বজায় রেখে চুলকে নরম ও মসৃণ করে।
গরমে সূর্যের তাপ ও ঘামের প্রভাবে মাথার তালুর প্রাকৃতিক তৈলাক্ত ভাব দূর হয়ে যায়। চুলের গোড়া দুর্বল হয়ে যায়। চুল রুক্ষ ও শুষ্ক হয়ে গিয়ে ঝরতে থাকে। অ্যালোভেরা জেলের প্রাকৃতিক হাইড্রেটিং জেল মাথার তালুর আর্দ্রতা ফিরিয়ে আনে। চুলকে ভেতর থেকে মজবুত করে। নিয়মিত চুলে অ্যালোভেরা লাগালে চুলের টেক্সচার নরম ও মসৃণ হয়। চুলে অ্যালোভেরা লাগালে চুল তেলতেলে হয় না অথচ উজ্জ্বল লাগে।
কীভাবে চুলে লাগাবেন অ্যালোভেরা জেল?
অ্যালোভেরা জেল সরাসরি চুলে লাগান। আধ ঘণ্টা রেখে হালকা করে ম্যাসাজ করে মাইল্ড শ্যাম্পু ব্যবহার করে চুল ধুয়ে নিন। সপ্তাহে ২-৩ বার করুন।
চুলের রুক্ষ ভাব দূর করতে নারকেল তেল ও অ্যালোভেরা জেল মিশিয়ে চুলে লাগান। চুল নরম ও মসৃণ হয়। নারকেল তেল চুলকে পুষ্টি জোগায় আর অ্যালোভেরা জেল চুলের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে।
অ্যালোভেরা জেল ও টক দই মিশিয়ে পেস্ট তৈরি করে মাথার তালু ও চুলে লাগান। টক দই চুলের কন্ডিশনিং করবে। অ্যালোভেরা জেল মাথার তালুকে ঠান্ডা রাখে। অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিব্যাক্টেরিয়াল গুণসম্পন্ন অ্যালোভেরা জেল মাথার তালু থেকে খুশকি দূর করে। ভেজা চুলের গোড়ায় অ্যালোভেরা জেল লাগালে চুল রুক্ষ ও শুষ্ক হয়ে উঠবে না।
পেঁয়াজের রস ও অ্যালোভেরা জেল মিশিয়ে চুলে লাগান। চুলের গোড়া মজবুত হয়। চুলের অকালে ঝরে পড়া আটকাবে। ১ ঘণ্টা রেখে হালকা মাইল্ড শ্যাম্পু ব্যবহার করে চুল ধুয়ে নিন।
অ্যালোভেরা জেল ও আমলকি পাউডার মিশিয়ে পেস্ট তৈরি করে মাথার তালু ও চুলে লাগান। ১-২ ঘণ্টা রেখে হালকা মাইল্ড শ্যাম্পু ব্যবহার করে চুল ধুয়ে নিন। চুলের অকালে ঝরে পড়া আটকাবে।






