গরমে বেড়েছে ত্বকে ব্রণর সমস্যা, সমাধান রয়েছে হেঁশেলে
প্রতিদিন মুখ পরিষ্কার করে টোনার বা ফেশিয়াল মিস্ট হিসাবে ব্যবহার করা যায় ফ্রিজে রাখা বরফ ঠান্ডা লবঙ্গ জল।
Truth of Bengal: গরম পড়তেই তৈলাক্ত ত্বকের অধিকারীদের বাড়ছে ব্রণর সমস্যা। বাজারচলতি নানান রাসায়নিক মিশ্রিত বিউটি প্রোডাক্ট ব্যবহার করেও সমস্যার সমাধান অধরা। ব্রণর সমস্যা দূর করতে সমাধান রয়েছে হেঁশেলেই।
এখনকার ভাইরাল স্কিনকেয়ার ট্রেন্ড হল লবঙ্গ জল ত্বকে স্প্রে করা। ব্রণ প্রতিরোধ করা, ত্বকের ছিদ্র টানটান করা, ত্বকের স্বাভাবিক জেল্লা বাজাতে দারুণ কার্যকরী হল লবঙ্গর জল। প্রতিদিন মুখ পরিষ্কার করে টোনার বা ফেশিয়াল মিস্ট হিসাবে ব্যবহার করা যায় ফ্রিজে রাখা বরফ ঠান্ডা লবঙ্গ জল।
তৈলাক্ত ব্রণযুক্ত ত্বকের জন্য দারুণ উপকারী লবঙ্গ জল। লবঙ্গে আছে অ্যান্টিব্যাক্টেরিয়াল গুণ, তাই লবঙ্গ ব্রণ সৃষ্টিকারী ব্যাক্টেরিয়াকে ধ্বংস করে। অ্যান্টিইনফ্লেমটরি গুণ থাকে বলে লবঙ্গ জল মুখের ফোলা ভাব দূর করে। লালচে ভাব দূর করে।
বিভিন্ন গবেষণায় দেখা গেছে, লবঙ্গে আছে eugenol নামক পদার্থ যা অ্যান্টিইনফ্লেমটরি ও অ্যান্টিব্যাক্টেরিয়াল গুণের জন্য বিখ্যাত। এর জন্য দাঁতের যন্ত্রণা কমায় লবঙ্গ। ত্বকে লাগালে ব্রণর সমস্যা দূর হয়। ত্বকে ব্যাক্টেরিয়াজনিত সংক্রমণ দূর হয়।
কীভাবে বানাবেন লবঙ্গ জল?
গোটা লবঙ্গ জলে ফুটিয়ে নিন। ঠান্ডা করে সেই জল ছেঁকে স্প্রে বোতলে ভরে রাখুন। সপ্তাহে ১-২ বার লবঙ্গ জল মুখে স্প্রে করুন।


