বিনোদন

বিশ্বমঞ্চে কিং খানের জয়জয়কার! অস্কারের পাতায় ‘ওম শান্তি ওম’-এর সেই আইকনিক সংলাপ

অস্কারের অফিসিয়াল পাতায় বলিউডের কিং খানের এই উজ্জ্বল উপস্থিতি নিমেষের মধ্যে ভাইরাল হয়ে গেছে নেটপাড়ায়।

Truth Of Bengal: দীর্ঘ ১৭ বছর আগে মুক্তি পাওয়া ব্লকবাস্টার সিনেমা ‘ওম শান্তি ওম’-এর সেই কালজয়ী সংলাপ— ‘ইতনি শিদ্দত সে ম্যায়নে তুঝে পানে কি কোশিশ কি হ্যায়…’ আজও কোটি কোটি মানুষের হৃদয়ে অমলিন। এবার সেই জনপ্রিয় সংলাপই আন্তর্জাতিক মঞ্চে এক অনন্য সম্মান পেল। খোদ অস্কার কর্তৃপক্ষ তথা ‘দ্য অ্যাকাডেমি’ তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শাহরুখ খানের এই আইকনিক মুহূর্তটি শেয়ার করেছে। বিশ্ব চলচ্চিত্রের সর্বোচ্চ মঞ্চে নিজের কাজের এমন স্বীকৃতি দেখে আপ্লুত বলিউড বাদশাও। দ্য অ্যাকাডেমিকে ধন্যবাদ জানিয়ে স্বভাবসুলভ রসিকতায় শাহরুখ লিখেছেন, ‘এবার নিজেকে আক্ষরিক অর্থেই বিশ্বের রাজা মনে হচ্ছে।’

অস্কারের অফিসিয়াল পাতায় বলিউডের কিং খানের এই উজ্জ্বল উপস্থিতি নিমেষের মধ্যে ভাইরাল হয়ে গেছে নেটপাড়ায়। ভিডিওটির ক্যাপশনে অ্যাকাডেমি লিখেছে, ‘ভাগ্যের এমন এক বিষয় যা কখনও লক্ষ্যভ্রষ্ট হয় না।’ আন্তর্জাতিক স্তরে শাহরুখের সিনেমার এই বিশেষ শ্রদ্ধা প্রদর্শন দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েছেন তাঁর অগণিত ভক্তরা। বিদেশের মাটিতে ভারতীয় সিনেমার এই জয়জয়কার নিয়ে যখন চর্চা তুঙ্গে, তখন স্বভাবতই আনন্দের জোয়ারে ভাসছেন ছবির পরিচালক ফারহা খানও।

পরিচালক হিসেবে ফারহা খান এই আন্তর্জাতিক সম্মান প্রাপ্তিতে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়ে তিনি লেখেন, ‘যাঁরা আন্তর্জাতিক মঞ্চে আমার সিনেমাকে এভাবে সম্মানিত করলেন, তাঁদের প্রতি আমি চিরকৃতজ্ঞ।’ নিজের খুশির রেশ বজায় রেখে সিনেমার সেই বিখ্যাত সংলাপ আওড়ে তিনি আরও যোগ করেন, ‘পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্ত।’ সব মিলিয়ে বিশ্ব চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ মঞ্চে ‘ওম শান্তি ওম’-এর এই স্বীকৃতি বলিউড এবং ভারতীয় চলচ্চিত্র প্রেমীদের কাছে এক বিরাট প্রাপ্তি হিসেবেই ধরা দিচ্ছে।

Related Articles