কলকাতা

বাদ পড়া ভোটারের নাম তালিকায় না উঠলে নির্বাচন নয়, কমিশনে একজোট বিরোধীরা

‘আমার ভোট ফিরিয়ে দাও’ মঞ্চের ব্যানারে একজোট হয়ে বুধবার কমিশনের সঙ্গে বৈঠকে নিজেদের দাবি তুলে ধরেন তাঁরা

জ্যোতির্ময় দত্ত, কলকাতা: ভোটার তালিকা থেকে বাদ পড়া যোগ্য ভোটারদের নাম পুনরায় অন্তর্ভুক্ত না করা পর্যন্ত নির্বাচন করা যাবে না। এই দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হল বাম, কংগ্রেস ও তৃণমূল-সহ বিরোধী দলগুলির প্রতিনিধিরা। ‘আমার ভোট ফিরিয়ে দাও’ মঞ্চের ব্যানারে একজোট হয়ে বুধবার কমিশনের সঙ্গে বৈঠকে নিজেদের দাবি তুলে ধরেন তাঁরা।বুধবার বিকেল ৩টে থেকে রাজ্য নির্বাচন কমিশনের দফতরে এই বৈঠক হয়। এর আগে বিরোধী দলগুলি চিঠি দিয়ে কমিশনের কাছে নিজেদের বক্তব্য জানাতে চেয়েছিল। সেই সূত্রেই আলোচনার জন্য তাঁদের প্রতিনিধিদের ডেকে পাঠানো হয়।

বৈঠকে সিপিএম, কংগ্রেস ও কালীঘাটপন্থী তৃণমূলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিরোধীদের বক্তব্য, ভোটার তালিকা থেকে বহু যোগ্য ভোটারের নাম বাদ পড়ার অভিযোগ উঠেছে। তাই বাদ পড়া ভোটারদের নাম পুনরায় তালিকায় অন্তর্ভুক্ত করে তাঁদের ভোটাধিকার নিশ্চিত করার পরেই নির্বাচনী প্রক্রিয়া এগোনো উচিত। এই দাবিতে বিরোধী দলগুলির মধ্যে ঐকমত্য রয়েছে বলেও জানান তাঁরা। বৈঠক শেষে বিরোধী প্রতিনিধিরা জানান, তাঁদের দাবির কথা কমিশনকে জানানো হয়েছে। অন্যদিকে, তাঁদের বক্তব্য অনুযায়ী, নির্বাচনের দিনক্ষণ নির্ধারণের বিষয়টি রাজ্য সরকারের সিদ্ধান্তের উপর নির্ভরশীল বলে কমিশনের তরফে জানানো হয়েছে। বিরোধীদের বক্তব্য রাজ্য সরকারের কাছে পৌঁছে দেওয়া হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন সুজাত ভদ্র, গর্গ চট্টোপাধ্যায়, সিপিএমের কল্লোল মজুমদার, কংগ্রেসের প্রসেনজিৎ বসু এবং তৃণমূলের অভিক সাহা ও বসুন্ধরা গোস্বামী। ভোটার তালিকা সংশোধন ও বাদ পড়া ভোটারদের নাম পুনরায় অন্তর্ভুক্তির প্রশ্নে বিরোধীদের এই যৌথ অবস্থান আগামী দিনের নির্বাচনী প্রস্তুতিতে কতটা প্রভাব ফেলে, এখন নজর সেদিকেই।