রাজ্যের খবর

গরমের জেরে রোড শো ছেড়ে এসি গাড়িতে মিঠুন, হতাশ কর্মী-সমর্থকেরা

এদিন মিঠুন চক্রবর্তী ট্রাকের উপর উঠে রোড শো করছিলেন।

Truth Of Bengal: তীব্র দাবদাহে ভেস্তে গেল বিজেপির তারকা প্রচারক মিঠুন চক্রবর্তীর রোড শো। শনিবার দুপুরে দুর্গাপুরের কুড়ুরিয়া ভাঙা বাসস্ট্যান্ড থেকে দুর্গাপুর পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থী লক্ষণ ঘরুইকে সঙ্গে নিয়ে রোড শো শুরু করেন মিঠুন। তবে শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই গরমে অসুস্থ বোধ করায় রোড শো মাঝপথেই থমকে যায়।

এদিন মিঠুন চক্রবর্তী ট্রাকের উপর উঠে রোড শো করছিলেন। শুরু থেকেই রাস্তার দু’ধারে উপচে পড়েছিল কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের ভিড়। প্রিয় তারকাকে এক ঝলক দেখতে এবং তাঁর বক্তব্য শোনার আশায় বহু মানুষ দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেন। কিন্তু রোড শো শুরু হওয়ার পর মাত্র প্রায় ২০০ মিটার এগোনোর মধ্যেই অস্বস্তি বোধ করতে দেখা যায় অভিনেতাকে। মাথার উপর ছাতা ধরেও গরমের প্রভাব কাটেনি।

শেষ পর্যন্ত মিঠুন ট্রাক থেকে নেমে নিজের চারচাকা গাড়িতে উঠে যান। এরপর আর রোড শো এগোয়নি। তিনি গাড়ির ভেতরেই বসে থাকেন। ফলে হতাশ হয়ে পড়েন বিজেপি কর্মী-সমর্থকদের একাংশ। অনেকে দূরদূরান্ত থেকে শুধুমাত্র এই রোড শো দেখতে এসেছিলেন বলে জানান। ঘটনাস্থলে উপস্থিত একাধিক সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমরা দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে ছিলাম। কিন্তু উনি গাড়িতে উঠে চলে গেলেন। কোথায় দেখতে পেলাম? আমাদের দাঁড়িয়ে থাকাটাই বৃথা হল।’

অন্যদিকে, রোড শো বন্ধ হয়ে যাওয়ার পরও এলাকায় বিজেপি কর্মী-সমর্থকদের একাংশ অপেক্ষায় থাকেন। তবে পরিস্থিতি সামলাতে ব্যস্ত হয়ে পড়ে দলীয় নেতৃত্ব। কোথাও কোথাও আবার ভিড়ের মধ্যে থেকে ‘জয় বাংলা’ স্লোগান উঠতেও শোনা যায় বলে দাবি স্থানীয়দের। দুর্গাপুর পশ্চিমে ভোটের আবহে গুরুত্বপূর্ণ প্রচার কর্মসূচি হিসেবে দেখা হচ্ছিল এই রোড শোকে। তবে তীব্র গরমে মিঠুনের রোড শো মাঝপথেই থেমে যাওয়ায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা।

Related Articles