বিনোদন

“সুরক্ষা না থাকলে শুটিং নয়”, রঞ্জিত-প্রসেনজিতের উপস্থিতিতে বড় সিদ্ধান্ত টেকনিশিয়ান স্টুডিয়োয়

আপাতত বয়কটের ছায়া বজায় থাকছে

Truth Of Bengal: অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে টলিপাড়ায় যে অচলাবস্থা তৈরি হয়েছিল, মঙ্গলবার ম্যারাথন বৈঠকের পর তার সাময়িক অবসান ঘটল। টেকনিশিয়ান স্টুডিয়োয় আর্টিস্ট ফোরাম, ফেডারেশন, ইম্পা এবং চ্যানেল কর্তৃপক্ষের দফায় দফায় আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে যে, বুধবার থেকেই টালিগঞ্জে পুনরায় শুটিং শুরু হবে। তবে রাহুল অভিনীত ধারাবাহিক ‘ভোলেবাবা পার করেগা’-র প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর সঙ্গে আপাতত কোনো শিল্পী বা কলাকুশলী কাজ করবেন না বলে কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আর্টিস্ট ফোরামের সভাপতি রঞ্জিত মল্লিক এবং কার্যকরী সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এই বৈঠকের নির্যাস সংবাদমাধ্যমকে জানান। দেব, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্তের মতো প্রথম সারির তারকাদের উপস্থিতিতে স্থির হয়েছে, আগামী ১৫ থেকে ৩০ দিনের মধ্যে ইন্ডাস্ট্রিতে কাজের জন্য একটি নির্দিষ্ট ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিয়োর’ বা এসওপি তৈরি করা হবে।

মূলত আউটডোর শুটিংয়ে শিল্পী ও টেকনিশিয়ানদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। এছাড়া শিল্পী ও কলাকুশলীদের জন্য বিমার ব্যবস্থা করা হবে এবং যত দিন না এই বিমা প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে, তত দিন কোনো ঝুঁকিপূর্ণ জায়গায় শুটিং করা যাবে না।

গত ২৯ মার্চ ওড়িশার তালসারিতে শুটিং চলাকালীন জলে ডুবে মৃত্যু হয় রাহুলের। অভিযোগ ওঠে, প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায়ের সংস্থা স্থানীয় পুলিশের অনুমতি ছাড়াই সেখানে শুটিং করছিল। এই ঘটনার প্রেক্ষিতেই লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার এবং আর্টিস্ট ফোরাম।

মঙ্গলবার দীর্ঘক্ষণ আলোচনার পর কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হলেও লীনা গঙ্গোপাধ্যায়ের সংস্থার কাজে আপাতত বয়কটের ছায়া বজায় থাকছে। টলিপাড়ার শীর্ষ নেতৃত্বের দাবি, ভবিষ্যতে যাতে কোনো সহকর্মীকে এভাবে হারাতে না হয়, তার জন্যই এই কঠোর ও সুশৃঙ্খল নিয়মাবলী আনা হচ্ছে।

Related Articles