এক পয়েন্টের খোঁচা! দাদার ‘অপমানের’ জবাব দিলেন শ্রেয়সের বোন
শ্রেয়সের নেতৃত্বেই কেকেআর শিরোপা জিতেছিল, অথচ পরের মরশুমে তাঁকে ধরে রাখেনি দল।
Truth Of Bengal: ম্যাচ ভেস্তে যেতেই সোশাল মাধ্যমে শুরু হল নতুন লড়াই। কেকেআর বনাম পাঞ্জাব ম্যাচ বৃষ্টিতে বাতিল হওয়ার পরই ইনস্টাগ্রামে একটি রিল পোস্ট করে আলোড়ন ফেললেন শ্রেয়স আইয়ারের বোন শ্রেষ্ঠা। সরাসরি কিছু না বললেও তাঁর কথার ইঙ্গিত যে নাইট শিবিরের দিকেই, তা বুঝতে বাকি নেই কারও।
রিলে শ্রেষ্ঠার মন্তব্য, ‘আমরা পাঞ্জাবি, আমাদের মন বড়— তাই এক পয়েন্ট দান করে দিলাম।’ এই একটি বাক্যই যেন আগুনে ঘি ঢেলে দেয়। ক্রিকেটমহলে শুরু হয় জোর আলোচনা, আর কেকেআর সমর্থকরাও পালটা জবাব দিতে সময় নেননি।
এই খোঁচার পেছনে রয়েছে পুরনো অধ্যায়। শ্রেয়সের নেতৃত্বেই কেকেআর শিরোপা জিতেছিল, অথচ পরের মরশুমে তাঁকে ধরে রাখেনি দল। সেই সিদ্ধান্ত ঘিরে তখন থেকেই ক্ষোভ জমে রয়েছে। পরবর্তীতে পাঞ্জাবে যোগ দিয়ে দলকে ফাইনালে তোলেন তিনি, আর কেকেআর নেমে যায় লিগ তালিকার তলানিতে। নিজেও একাধিকবার জানিয়েছেন, প্রাপ্য সম্মান না পাওয়ার আক্ষেপ।
ইডেনে পাঞ্জাবের বিরুদ্ধে জয়ের স্বাদ এখনও পাননি শ্রেয়স। গতবারের মতো এবারও বৃষ্টিই বাধা হয়ে দাঁড়াল। তবে ম্যাচের পরিস্থিতি দেখে অনেকেই মনে করছেন, পুরো খেলা হলে নাইটদের পক্ষে পরিস্থিতি কঠিনই হতো। সেই জায়গা থেকেই হয়তো এই ব্যঙ্গাত্মক বার্তা।
তবে চুপ করে থাকেননি নাইট সমর্থকেরাও। তাঁদের যুক্তি, ট্রফির হিসাবে কেকেআর অনেক এগিয়ে। পাঞ্জাব এখনও শূন্য হাতে। ফলে সোশ্যাল মিডিয়ায় দুই শিবিরের এই ঠান্ডা লড়াই আরও জমে উঠেছে।
মাঠের লড়াই থেমে গেলেও, কথার লড়াই কিন্তু চলছে পুরোদমে। আর সেই লড়াইয়ে এবার নতুন মাত্রা যোগ করলেন শ্রেয়সের বোন।






