শারীরিক অক্ষমতাকে হার মানিয়ে তৃণমূলের মিছিলে চাকদহের সরজিত
মুখ্যমন্ত্রী তাঁর এই কঠিন পরিস্থিতির কথা একদিন ঠিকই শুনবেন
মাধব দেবনাথ, নদিয়া: প্রতিবন্ধকতা যে মনের জোরের কাছে হার মানতে বাধ্য, তার এক অনন্য নজির সৃষ্টি করলেন নদীয়ার চাকদহের সরজিত বিশ্বাস। মঙ্গলবার চাকদহ নবপল্লী মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় যোগ দিতে প্রখর রোদ্দুর উপেক্ষা করে কয়েক কিলোমিটার পথ পাড়ি দেন এই শারীরিকভাবে অক্ষম ব্যক্তি। নিজের তিন চাকার সাইকেলে তৃণমূলের পতাকা বেঁধে অদম্য ইচ্ছাশক্তি নিয়ে তিনি যখন সভাস্থলে পৌঁছান, তখন তাঁর চোখেমুখে ছিল দলনেত্রীর প্রতি অগাধ আস্থা।
চাকদহের ধনীচা গ্রামের বাসিন্দা সরজিত চার বছর আগে এক শ্রমিকের কাজ করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছিলেন। সেই ভয়াবহ স্মৃতি আজও তাঁর শরীরে ক্ষতচিহ্ন রেখে গিয়েছে, যা তাঁকে করে তুলেছে স্থায়ীভাবে প্রতিবন্ধী। বর্তমানে বাবা, মা, স্ত্রী ও সন্তান নিয়ে অভাবের সংসারে তাঁর দিন কাটে অতি কষ্টে। মাথার ওপর নেই পাকা ছাদ, নেই উপার্জনের স্থির পথ। সরকারি সুবিধা বলতে তাঁর স্ত্রী কেবল লক্ষ্মীর ভাণ্ডার পান। আক্ষেপের সুরে সরজিত জানান, প্রতিবন্ধী ভাতার জন্য চার মাস আগে আবেদন জানালেও তা এখনও কার্যকর হয়নি।
এত প্রতিকূলতা এবং অসহনীয় গরমে অসুস্থ হওয়ার ঝুঁকি থাকা সত্ত্বেও শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শোনার টানে তিনি ছুটে এসেছিলেন। সরজিতের মতে, তিনি ও তাঁর স্ত্রী দুজনেই তৃণমূল নেত্রীর একনিষ্ঠ অনুগামী। হাজারো না-পাওয়া আর ব্যক্তিগত কষ্টের মাঝেও তিনি বিশ্বাস করেন, মুখ্যমন্ত্রী তাঁর এই কঠিন পরিস্থিতির কথা একদিন ঠিকই শুনবেন। সরজিত বিশ্বাসের এই উপস্থিতি রাজনৈতিক আনুগত্যের ঊর্ধ্বে উঠে মানুষের অটুট বিশ্বাসের এক অন্যরকম কাহিনী ফুটিয়ে তুলেছে।






