প্রচারের উত্তাপের মাঝেই বালুরঘাটে সৌজন্যের ছবি, করমর্দনে ভাঙল রাজনৈতিক দূরত্ব
করমর্দন, কুশল জিজ্ঞাসা—সব মিলিয়ে মুহূর্তেই বদলে যায় পরিবেশ
বিশ্বদীপ নন্দী, বালুরঘাট: নির্বাচনী প্রচারের ময়দানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মুখোমুখি হলেই সাধারণত শ্লোগান, কটাক্ষ আর পাল্টা আক্রমণের ছবি চোখে পড়ে। কিন্তু সেই চেনা ছবির বাইরে গিয়ে মঙ্গলবার বালুরঘাটে ধরা দিল এক অন্যরকম দৃশ্য—রাজনীতির উত্তাপের মাঝেও সৌজন্যের ছোঁয়া।
এদিন বালুরঘাট বাজার এলাকায় প্রচারে ব্যস্ত ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী অর্পিতা ঘোষ। সমর্থকদের নিয়ে জনসংযোগে বেরিয়েছিলেন তিনি। ঠিক সেই সময় একই এলাকায় প্রচারে আসেন কংগ্রেস প্রার্থী প্রদীপ মিত্র। হঠাৎই মুখোমুখি হয়ে পড়েন দুই প্রতিদ্বন্দ্বী। সাধারণত এমন পরিস্থিতিতে শ্লোগান যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। কিন্তু এদিন ঘটল উল্টোটা। একে অপরকে দেখে এগিয়ে এসে সৌজন্য বিনিময় করেন দুই প্রার্থী। করমর্দন, কুশল জিজ্ঞাসা—সব মিলিয়ে মুহূর্তেই বদলে যায় পরিবেশ।
রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা সরে গিয়ে সামনে আসে পারস্পরিক সম্মানবোধ। এই প্রসঙ্গে অর্পিতা ঘোষ বলেন, ‘‘প্রচারের সময় হঠাৎই প্রদীপবাবুর সঙ্গে দেখা হয়ে গেল। আগে ব্যক্তিগতভাবে পরিচয় ছিল না। তাই সুযোগে কুশল বিনিময় করলাম। এটাই তো বালুরঘাটের সংস্কৃতি।’’ অন্যদিকে প্রদীপ মিত্রও একই সুরে জানান,‘‘বালুরঘাটের রাজনৈতিক ঐতিহ্যই হল এই সৌজন্যতা। আগে বিভিন্ন দলের প্রার্থীরা নিজেদের বক্তব্য রাখার পাশাপাশি একে অপরের প্রতি সম্মান দেখাতেন। আমরা সেই ধারাটাই বজায় রাখার চেষ্টা করছি।’’ নির্বাচনের উত্তেজনার মাঝেও এই ঘটনা যেন মনে করিয়ে দিল—রাজনীতি মানেই শুধুই সংঘাত নয়। মতের অমিল থাকলেও সৌজন্য আর সহাবস্থানই বালুরঘাটের দীর্ঘদিনের পরিচিত ঐতিহ্য।






