কমিশনের কড়া দাওয়াই! ভোটারদের হুমকি দিয়ে শ্রীঘরে দাপুটে তৃণমূল নেতা
শুক্রবার গভীর রাতে বহরমপুর থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে।
কল্যাণ বিশ্বাস, মুর্শিদাবাদ: নির্বাচন কমিশনের কড়া নির্দেশের ২৪ ঘণ্টার মধ্যেই বহরমপুরে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন তৃণমূল কংগ্রেসের এক স্থানীয় নেতা। ধৃতের নাম রাজু মণ্ডল। তিনি বহরমপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি। শুক্রবার গভীর রাতে বহরমপুর থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে।
গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। ওই ভিডিওতে দেখা যায়, রাজু মণ্ডল ভোটারদের উদ্দেশ্যে প্রচ্ছন্ন হুমকি দিচ্ছেন। ভিডিওটি নজরে আসতেই শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহলে। অভিযোগ ওঠে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে ভোটারদের ভয় দেখিয়ে নিজেদের অনুকূলে ভোট করানোর চেষ্টা করছেন ওই তৃণমূল নেতা। বিষয়টি দ্রুত নির্বাচন কমিশনের নজরে আসে।
ভোটারদের ভয় দেখানো ও নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে নির্বাচন কমিশন অত্যন্ত কঠোর মনোভাব নেয়। কমিশন স্পষ্ট জানিয়ে দেয়, কোনওভাবেই ভোটারদের ভয় দেখানো বা প্রভাবিত করার ঘটনা বরদাস্ত করা হবে না। জানাযায়, ভাইরাল হওয়া ভিডিওর সত্যতা যাচাই করে কমিশন রাজ্য পুলিশকে দ্রুত পদক্ষেপ করার নির্দেশ দেয় বলে জানাযায়। নির্বাচন কমিশনের ওই নির্দেশ পাওয়ার পরই বহরমপুর থানার পুলিশ সক্রিয় হয় এবং শুক্রবার রাতে রাজু মণ্ডলকে গ্রেফতার করে।
এই ঘটনায় বিরোধী দলগুলো শাসকদলকে তীব্র কটাক্ষ করেছে। বিরোধীদের দাবি, নির্বাচনী পরিবেশে অশান্তি পাকানোর জন্যই এই ধরনের হুমকির আশ্রয় নেওয়া হচ্ছে। অন্যদিকে, স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, ঘটনাটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত এবং বিষয়টি আইনি পথে মোকাবিলা করা হবে।
পুলিশ সূত্রে জানানো হয়েছে, নির্বাচন কমিশনের নির্দেশের ভিত্তিতে এবং সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং ভোটারদের ভয় দেখানোর ধারায় মামলা রুজু করা হয়েছে। শনিবার তাঁকে আদালতে তোলা হবে।
নির্বাচনের প্রাক্কালে এই গ্রেফতারের ঘটনায় বহরমপুরের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কমিশন যে কোনও মূল্যে অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে বদ্ধপরিকর, এই গ্রেফতারের মাধ্যমে তা আবারও স্পষ্ট হল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।





