রাজ্যের খবর

‘আইএসএফ ৩৪টি আসনই হারবে, না হলে আমার নামে কুকুর পুষবেন,’ দাবি শওকতের

শওকত মোল্লার এই কড়া মন্তব্য ঘিরেই সরগরম হয়ে উঠেছে রাজনৈতিক মহল

Truth Of Bengal: ভাঙড়ের রাজনীতির চিরাচরিত মেজাজ বজায় রেখে ফের সম্মুখসমরে তৃণমূল নেতা শওকত মোল্লা এবং আরাবুল ইসলাম। একদিকে শওকত মোল্লার চরম হুঙ্কার, অন্যদিকে মাথায় গামছা বেঁধে আরাবুলের পাল্টা মেঠো প্রচার— দুই শিবিরের এই বাগযুদ্ধে ভোটের আবহে নতুন করে উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়।

গতকাল ভাঙড়ের প্রাণগঞ্জ অঞ্চলের রানীগাছি এলাকায় একটি নির্বাচনী কর্মীসভায় যোগ দিয়েছিলেন ক্যানিং পূর্বের তৃণমূল প্রার্থী তথা ভাঙড়ের পর্যবেক্ষক শওকত মোল্লা। সেখান থেকেই আইএসএফ-কে তীব্র আক্রমণ শানান তিনি। রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে আইএসএফ যে ৩৪টি আসনে প্রার্থী দিয়েছে, তার একটিতেও তারা জয়লাভ করতে পারবে না বলে জোর দাবি করেন শওকত। এমনকি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তিনি বিতর্কিত মন্তব্য করেন যে, আইএসএফ যদি একটি আসনও পায়, তবে যেন তাঁর নামে ‘কুকুর’ পোষা হয়। শওকত মোল্লার এই কড়া মন্তব্য ঘিরেই সরগরম হয়ে উঠেছে রাজনৈতিক মহল।

শওকতের এই চরম চ্যালেঞ্জের পাল্টা দিতে আজ সকাল থেকেই অন্য মেজাজে প্রচারে নামেন আরাবুল ইসলাম। চেনা ভঙ্গিতে মাথায় গামছা জড়িয়ে খোলা গাড়ির মাথায় বসে মাইক হাতে নিজের নির্বাচনী ক্ষেত্রে দাপিয়ে বেড়ান তিনি। প্রচার চলাকালীন কয়েক দফায় তাঁকে কর্তব্যরত পুলিশ কর্মীদের সঙ্গে বিতণ্ডায় জড়াতেও দেখা যায়। তবে উত্তেজনার মাঝেও আরাবুলের সমর্থনে রাস্তার দুধারে সাধারণ মানুষের ভিড় ছিল নজরকাড়া।

উল্লেখ্য, আরাবুল ও শওকতের এই দীর্ঘদিনের রাজনৈতিক সংঘাত ভাঙড়ের ভোট সমীকরণকে বরাবরই জটিল করে তোলে। শওকত মোল্লার ‘কুকুর পোষা’ সংক্রান্ত মন্তব্যকে বিরোধী শিবির ও আরাবুল অনুগামীরা চূড়ান্ত ঔদ্ধত্য হিসেবে দেখছেন। অন্যদিকে, গামছা মাথায় দিয়ে আরাবুলের এই প্রচারকে তাঁর জনভিত্তি প্রমাণের মরিয়া চেষ্টা হিসেবে দেখছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। সব মিলিয়ে, দুই নেতার একে অপরের বিরুদ্ধে কুৎসা ও আক্রমণাত্মক মেজাজ ভাঙড়ের নির্বাচনী পারদকে এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দিয়েছে।

Related Articles