ধর্ম আর মানবিকতার অনন্য মেলবন্ধন! শিবরাত্রিতে বালুরঘাটে ব্যতিক্রমী উদ্যোগ
তবে শিবের মাথায় দুধ ঢালার বদলে সেই দুধ তুলে দেন এলাকার গরিব ও দুঃস্থ কিশোর-কিশোরীদের হাতে।
Truth Of Bengal: বিশ্বদীপ নন্দী, বালুরঘাট: শিবরাত্রির দিন মানেই উপোস, শিবলিঙ্গে জল আর দুধ ঢেলে ভক্তিভাব প্রকাশ। কিন্তু দেবতার আরাধনার পাশাপাশি যদি মানুষের মুখে একটু হাসি ফোটানো যায়? সেই ভাবনা থেকেই শিবরাত্রির দিনে এক ব্যতিক্রমী উদ্যোগ নিলেন বালুরঘাট পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ্তা চক্রবর্তী। রবিবার শিবরাত্রির পূর্ণ তিথিতে বালুরঘাটের আত্রাই কলোনির শিব মন্দিরে পুজো দেন তিনি।
তবে শিবের মাথায় দুধ ঢালার বদলে সেই দুধ তুলে দেন এলাকার গরিব ও দুঃস্থ কিশোর-কিশোরীদের হাতে। আত্রাই কলোনির প্রায় ৮০ থেকে ১০০ জন কিশোর-কিশোরীর মধ্যে মোট ১২ থেকে ১৫ লিটার দুধ বিতরণ করা হয়। শিবলিঙ্গে জল ঢেলে পুজো সম্পন্ন হলেও দুধের সদ্ব্যবহারেই যেন আলাদা মাত্রা পেল শিবরাত্রি পালন।
স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে, প্রতিদিনের ধর্মীয় আচারের বাইরে এমন মানবিক ভাবনাই আজকের দিনে বেশি প্রয়োজন। দেবতাকে তুষ্ট করার পাশাপাশি সমাজের প্রান্তিক শিশুদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ মন ছুঁয়ে গিয়েছে অনেকের।এ প্রসঙ্গে প্রদীপ্তা চক্রবর্তী বলেন, “প্রতিবছরের মতো এই বছরও শিবরাত্রির দিনে আত্রাই কলোনির শিব মন্দিরে এসেছি। আমি মনে করি, শিবের মাথায় দুধ ঢালার থেকে দুঃস্থ কিশোর-কিশোরীদের হাতে দুধ তুলে দেওয়াটাই আমার ব্রত। শিবের মাথায় জল ঢেলেছি, আর মানুষের পাশে দাঁড়িয়েই শিবরাত্রি পালন করেছি।” ধর্মীয় আচার আর সামাজিক দায়িত্বের এমন মেলবন্ধনই যেন এ দিনের আসল বার্তা হয়ে উঠল বালুরঘাটে।






