দেশ

ওড়ার পরেই ভারসাম্যহীন কপ্টার, অল্পের জন্য বড় বিপর্যয় থেকে রক্ষা পেলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী

শেষ মুহূর্তের তৎপরতায় চালক কপ্টারটি কোনোমতে সামলে নেওয়ায় এক নিশ্চিত বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।

Truth Of Bengal: রবিবার মধ্যপ্রদেশের খান্ডোয়ায় এক ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন মুখ্যমন্ত্রী মোহন যাদব। জেলাটির পন্ধনা এলাকায় ‘লাডলি বেহেন’ প্রকল্পের একটি সরকারি কর্মসূচি শেষে ফেরার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারটি উড্ডয়নের ঠিক পরেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। প্রত্যক্ষদর্শীদের মতে, মাটি ছাড়ার কয়েক মুহূর্তের মধ্যেই হেলিকপ্টারটি সামনের বদলে পিছনের দিকে যেতে শুরু করে এবং বিপজ্জনকভাবে হেলে পড়ে কার্যত মাটি ছুঁয়ে ফেলে।

শেষ মুহূর্তের তৎপরতায় চালক কপ্টারটি কোনোমতে সামলে নেওয়ায় এক নিশ্চিত বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। হাড়হিম করা এই দৃশ্য দেখে উপস্থিত জনতা ও নিরাপত্তারক্ষীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং গোটা এলাকা ধুলোয় ঢেকে যায়।

প্রাথমিক এই টালমাটাল পরিস্থিতি কাটিয়ে কপ্টারটি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এবং গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। তবে মুখ্যমন্ত্রী সুরক্ষিত থাকলেও এই ঘটনাটি প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। ঠিক কী কারণে হেলিকপ্টারটি এমন ভারসাম্যহীন হয়ে পড়ল, তা খতিয়ে দেখা হচ্ছে। এটি কি কোনো যান্ত্রিক ত্রুটি না কি অস্থায়ী হেলিপ্যাডের কারিগরি কোনো সমস্যা ছিল, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগের সৃষ্টি হয়েছে।