দেশ

ট্রেন দেরি করায় বড়সড় শাস্তি! ছাত্রীকে ৯ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে রেলকে

সময়সূচি অনুযায়ী ট্রেনটির বেলা ১১টার মধ্যে লখনউ পৌঁছানোর কথা ছিল।

Truth Of Bengal: ট্রেনের ভয়াবহ বিলম্বের কারণে প্রবেশিকা পরীক্ষা দিতে পারেনি এক ছাত্রী। এর ফলে বড়সড় শাস্তির মুখে পড়তে হল ভারতীয় রেলকে। উত্তরপ্রদেশের বস্তি জেলার এক ছাত্রীর দায়ের করা মামলায় দীর্ঘ ৭ বছর পর রায় দিল জেলা উপভোক্তা কমিশন। রেলের গাফিলতির জেরে ওই ছাত্রীর মূল্যবান একটি শিক্ষাবর্ষ নষ্ট হওয়ার কারণে তাকে ৯.১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনাটি ২০১৮ সালের। বস্তি জেলার বাসিন্দা সমৃদ্ধি লখনউয়ের ‘জয় নারায়ণ পিজি কলেজ’-এ বিএসসি বায়োটেকনোলজি বিষয়ের প্রবেশিকা পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। পরীক্ষার কেন্দ্র লখনউতে হওয়ায় তিনি বস্তি থেকে একটি ইন্টারসিটি সুপারফাস্টি ট্রেন বুক করেন। সময়সূচি অনুযায়ী ট্রেনটির বেলা ১১টার মধ্যে লখনউ পৌঁছানোর কথা ছিল। কিন্তু গন্তব্যে পৌঁছাতে ট্রেনটি প্রায় আড়াই ঘণ্টা দেরি করে। ফলে সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে না পেরে ভেঙে পড়েন সমৃদ্ধি। কঠোর পরিশ্রম করে তৈরি হওয়া সত্ত্বেও স্রেফ ট্রেনের দেরির কারণে তাঁর একটি আস্ত বছর নষ্ট হয়ে যায়।

রেলের এই উদাসীনতার বিরুদ্ধে বিচার চেয়ে ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করে জেলা উপভোক্তা কমিশনের দ্বারস্থ হন সমৃদ্ধি। তাঁর আইনজীবী প্রভাকর মিশ্র জানান, ট্রেনটি কেন দেরি করেছিল তার কোনো সদুত্তর রেল কর্তৃপক্ষ দিতে পারেনি। নোটিশ পাঠানো সত্ত্বেও রেল মন্ত্রক বা সংশ্লিষ্ট আধিকারিকদের কাছ থেকে সন্তোষজনক কোনো প্রতিক্রিয়া মেলেনি। শেষমেশ দীর্ঘ আইনি লড়াইয়ের পর কমিশন রেলের পরিষেবায় ঘাটতি খুঁজে পায় এবং ছাত্রীর মানসিক ও শিক্ষাগত ক্ষতির কথা বিবেচনা করে রায় ঘোষণা করে।

আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ৪৫ দিনের মধ্যে সমৃদ্ধিকে ৯.১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ হিসেবে মেটাতে হবে রেলকে। নির্দিষ্ট সময়ের মধ্যে এই টাকা না দিলে বাড়তি ১২ শতাংশ হারে সুদ গুনতে হবে কর্তৃপক্ষকে। এই নজিরবিহীন রায় সারা দেশের লক্ষ লক্ষ রেলযাত্রীর অধিকার এবং বিলম্বের জন্য রেলের দায়বদ্ধতা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Related Articles