দেশ

পরকীয়ার সন্দেহে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে খুন, ১৫ বছরের দাম্পত্যের মর্মান্তিক পরিণতি

কর্ণাটকের বেলাগাভি জেলায় ঘুমন্ত স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

Truth of Bengal: স্ত্রীর চরিত্র নিয়ে সন্দেহ, তার সঙ্গে মদ্যপানের নেশা। এই দুইয়ের জেরেই ১৫ বছরের দাম্পত্যের শেষ হল রক্তাক্ত পরিণতিতে। কর্ণাটকের বেলাগাভি জেলায় ঘুমন্ত স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ইতিমধ্যেই তার বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম শোভা পারগুন্ডা সারাওয়াদ। তাঁর বয়স ৩৫ বছর। তিনি কাটাগেরির ওজিকার মঠ স্কুলে রাঁধুনির কাজ করতেন। ঘটনার রাতে তিনি বাড়িতে ঘুমিয়ে ছিলেন। সেই সময়ই অভিযুক্ত স্বামী পারগুন্ডা সারাওয়াদ ধারালো অস্ত্র নিয়ে তাঁর উপর হামলা চালায়। একাধিক কোপে ঘটনাস্থলেই মৃত্যু হয় শোভার।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দীর্ঘদিন ধরেই স্ত্রীর পরকীয়ার সন্দেহে ভুগছিল অভিযুক্ত। সেই সঙ্গে সে মদ্যপানেও আসক্ত ছিল। এই দুই কারণ মিলিয়েই খুনের ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

জানা গিয়েছে, শোভা ও পারগুন্ডার বিয়ে হয়েছিল ১৫ বছর আগে। তাঁদের ২ সন্তান রয়েছে। পরিবারের অন্য সদস্যদের বয়ানও সংগ্রহ করছে পুলিশ। দাম্পত্যে আগে থেকেই অশান্তি ছিল কি না, অভিযুক্তের বিরুদ্ধে অতীতে নির্যাতনের অভিযোগ ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তাও তদন্ত করে দেখছেন তদন্তকারীরা।

Related Articles