বৃষ্টি হলেও কমছে না ভ্যাপসা গরম! সারাদিন কেমন থাকবে রাজ্যের আবহাওয়া?
কলকাতায় এই মুহূর্তে তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই, দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।
Truth of Bengal: গত কয়েকদিনের বিক্ষিপ্ত বৃষ্টিতে কলকাতার মানুষ গরমের হাত থেকে কিছুটা স্বস্তি পেয়েছেন এবং সোমবারও শহরের মধ্য ও দক্ষিণ অংশে বৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতরের (IMD) পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ মূলত মেঘলা থাকবে এবং কলকাতা-সহ বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়া-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতায় এই মুহূর্তে তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই, দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। তবে বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকায় বৃষ্টির পরেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় শহরে ২৭.৭ মিমি বৃষ্টি রেকর্ড করা হয়েছে এবং সোমবারের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি ছিল।
অন্যদিকে, দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও নদিয়া জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কায় ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করা হয়েছে। একইভাবে উত্তরবঙ্গ থেকেও আপাতত লাল সতর্কতা (Red Alert) তুলে নেওয়া হয়েছে। তবে আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় এই পাঁচ জেলাতেও ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি রেখেছে আবহাওয়া দফতর।






