অনুদান কেলেঙ্কারিতে কড়া পদক্ষেপ, অভিযুক্তদের সম্পত্তির খোঁজে পুলিশ
তদন্তকারীরা এখন অভিযুক্তদের গত ৪ বছরের আর্থিক লেনদেন, জমি, বাড়ি, গয়না, ব্যাঙ্কের সঞ্চয় এবং অন্যান্য বিনিয়োগের তথ্য সংগ্রহ করছেন।
Truth of Bengal: অযোধ্যার রাম মন্দিরে অনুদানের টাকা তছরুপের অভিযোগে গ্রেফতার ৮ অভিযুক্তকে ঘিরে তদন্তে নতুন মোড়। অর্থ কোথায় গিয়েছে এবং কীভাবে ব্যবহার হয়েছে, তা জানতে তাঁদের বাড়িতে একযোগে তল্লাশি চালিয়েছে পুলিশ। অভিযানে স্থানীয় ম্যাজিস্ট্রেট এবং রাজস্ব আধিকারিকরাও উপস্থিত ছিলেন।
নজরদারি ক্যামেরার ফুটেজে অনিয়ম ধরা পড়ার পর গ্রেফতার করা হয় অবিনাশ শুক্ল, অনুকল্প মিশ্র, লাভকুশ মিশ্র, মনীশ কুমার যাদব, করুণেশ পাণ্ডে, রামশঙ্কর মিশ্র, সুভাষ শ্রীবাস্তব এবং রামশঙ্কর ওরফে টিন্নু যাদবকে। তাঁরা সকলেই মন্দিরের অনুদানের টাকা গণনার দায়িত্বে ছিলেন।
তদন্তকারীরা এখন অভিযুক্তদের গত ৪ বছরের আর্থিক লেনদেন, জমি, বাড়ি, গয়না, ব্যাঙ্কের সঞ্চয় এবং অন্যান্য বিনিয়োগের তথ্য সংগ্রহ করছেন। পাশাপাশি তাঁদের পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সঙ্গেও কথা বলে আর্থিক অবস্থার পরিবর্তনের কারণ খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশের হাতে এখনও পর্যন্ত ৭৯.৮৫ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। যদিও তদন্তকারীদের প্রাথমিক অনুমান, মোট তছরুপের অঙ্ক ৭ থেকে ৭.৫ কোটি টাকার মধ্যে হতে পারে। আদালতে ফের তোলা হলে অভিযুক্তদের আরও হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারে পুলিশ। মামলায় চুরি, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, অপরাধমূলক ষড়যন্ত্র এবং দুর্নীতি দমন আইনের একাধিক ধারায় তদন্ত চলছে।






