শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়াদের মৃত্যুতে কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের
একই সঙ্গে সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও অশিক্ষক কর্মচারীর শূন্য পদ পূরণে জোর দিয়েছে ডিভিশন বেঞ্চ।
Truth Of Bengal: উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পড়ুয়াদের আত্মহত্যা, র্যাগিং ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনা নিয়ে ক্রমশ উদ্বেগ বাড়ছে। বহু ক্ষেত্রেই এমন ঘটনার পর FIR পর্যন্ত দায়ের করা হয় না বলে অভিযোগ ওঠে। এই পরিস্থিতিতে এ বার কঠোর নির্দেশ জারি করল সুপ্রিম কোর্ট। বিচারপতি জে বি পারদিওয়ালা ও বিচারপতি আর মহাদেবনের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, কোনও পড়ুয়ার আত্মহত্যা বা অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটলেই অবিলম্বে পুলিশকে জানাতে হবে এবং FIR দায়ের করতে হবে।
ঘটনা কলেজ ক্যাম্পাসে, হস্টেলে বা অন্য কোনও জায়গায় ঘটুক না কেন, এই নির্দেশ সব ক্ষেত্রেই প্রযোজ্য। অনলাইন বা অফলাইন—সব পড়ুয়ার জন্যই এই নিয়ম মানতে হবে। নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে শীর্ষ আদালত।
উল্লেখ্য, পড়ুয়াদের ঘনঘন মৃত্যুর ঘটনায় গত বছরের জুন মাসে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছিল সুপ্রিম কোর্ট। আদালত নির্দেশ দিয়েছে, ছাত্রদের আত্মহত্যা বা অস্বাভাবিক মৃত্যুর বিষয়ে প্রতি বছর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে। এছাড়াও, প্রতিটি আবাসিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ২৪ ঘণ্টা চিকিৎসা পরিষেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে আদালত। ক্যাম্পাসে তা সম্ভব না হলে অন্তত এক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে জরুরি চিকিৎসা পরিষেবা থাকতে হবে। একই সঙ্গে সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও অশিক্ষক কর্মচারীর শূন্য পদ পূরণে জোর দিয়েছে ডিভিশন বেঞ্চ।
আগামী চার মাসের মধ্যে সব শূন্যপদ পূরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে কোনও পদ শূন্য হলে এক মাসের মধ্যেই তা পূরণ করতে হবে বলেও জানানো হয়েছে। কেন্দ্র ও রাজ্য সরকারকে বৃত্তির টাকা নির্দিষ্ট সময়ের মধ্যে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি ২০০৯ সালের UGC র্যাগিং বিরোধী বিধি-সহ সমস্ত নিয়ম কঠোরভাবে মানার নির্দেশও দেওয়া হয়েছে।






