বিনোদন

ভ্যালেন্টাইন্স ডে-তেই কি দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন ধনুষ?

সিনেমা জগতের এই হাই-প্রোফাইল বিয়ের আসরটি বসতে চলেছে অত্যন্ত ঘরোয়াভাবে।

Truth Of Bengal: দক্ষিণী মেগাস্টার ধনুষ এবং বলিউড সুন্দরী ম্রুণাল ঠাকুরের অসমবয়সি প্রেম ও বিয়ের গুঞ্জনে এখন উত্তাল টিনসেল টাউন। কান পাতলেই শোনা যাচ্ছে, দীর্ঘ দেড় বছরের জল্পনা এবার পরিণয়ে রূপ নিতে চলেছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৪ ফেব্রুয়ারি, অর্থাৎ বিশ্ব ভালোবাসা দিবসেই চার হাত এক হতে চলেছে এই তারকাজুটির। ৯ বছরের ছোট পাত্রীর সঙ্গে ধনুষের এই নতুন রসায়ন নিয়ে চর্চা এখন তুঙ্গে। এতদিন পর্দার আড়ালে নিজেদের সম্পর্ককে কেবল ‘বন্ধুত্ব’ বলে দাবি করলেও, নেটিজেনদের নজর এড়াতে পারেননি তাঁরা।

সিনেমা জগতের এই হাই-প্রোফাইল বিয়ের আসরটি বসতে চলেছে অত্যন্ত ঘরোয়াভাবে। শোনা যাচ্ছে, কোনো আড়ম্বর নয়, বরং পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের সাক্ষী রেখেই মালাবদল করবেন ৪২ বছর বয়সি ধনুষ এবং ৩৩ বছরের ম্রুণাল। হায়দরাবাদের একটি অনুষ্ঠান থেকে শুরু হওয়া এই ভালোলাগা ক্রমে গভীর প্রেমে পরিণত হয়। সম্প্রতি ধনুষ ও কৃতী শ্যাননের ‘তেরে ইশক মে’ ছবির র‍্যাপ পার্টিতে ম্রুণালের উপস্থিতি এবং মুম্বইতে ম্রুণালের ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে ধনুষের ছুটে যাওয়া— এই সবকিছুই তাঁদের সম্পর্কের গভীরতার ইঙ্গিত দিচ্ছিল। এমনকি তাঁদের মিউজিক অ্যাপ ‘স্পটিফাই’-তেও নাকি রয়েছে একটি যুগ্ম প্লে-লিস্ট, যেখানে সুরের টানে একে অপরের হৃদস্পন্দন অনুভব করেন তাঁরা।

ব্যক্তিগত জীবনের টানাপড়েন কাটিয়ে ধনুষ এখন ‘মুক্ত বিহঙ্গ’। ২০২২ সালে রজনীকান্ত-কন্যা ঐশ্বর্যের সঙ্গে দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছিলেন তিনি। বিচ্ছেদ হলেও দুই সন্তানের দায়িত্ব পালন এবং প্রাক্তন শ্বশুরমশাই রজনীকান্তের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন এই দক্ষিণী সুপারস্টার। অন্যদিকে, ম্রুণাল ঠাকুরের এটি প্রথম বিয়ে হতে চলেছে। যদিও এই মেগা ওয়েডিং নিয়ে এখনও পর্যন্ত ধনুষ বা ম্রুণাল কেউই মুখ খোলেননি, তবে ‘যাহা রটে তাহার কিছুটা তো বটে’—এই আপ্তবাক্য মেনেই ভক্তরা এখন প্রহর গুনছেন ১৪ ফেব্রুয়ারির। বসন্তের শুরুতে দক্ষিণী ও বলিউডের এই মিলনমেলা নতুন কোনো রূপকথার জন্ম দেয় কি না, সেটাই এখন দেখার।

Related Articles