দেশ

অনশনের ২৬ দিন পার, অসুস্থ সোনমকে দেখতে মাঝরাতে হাসপাতালে হানা দুই কেন্দ্রীয় মন্ত্রীর

অনশন ভাঙাতে নাকি অন্য রণকৌশল? মেদান্তায় চিকিৎসাধীন সোনম ওয়াংচুকের শয্যাপাশে নাড্ডা-জিতেন্দ্র!

Truth of Bengal: নিট (NEET) পরীক্ষায় ব্যাপক অনিয়মের প্রতিবাদে রাজধানী দিল্লিতে চলমান আন্দোলন এবার জাতীয় রাজনীতির অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। শিক্ষাবিদ তথা সমাজকর্মী সোনম ওয়াংচুকের আমরণ অনশন আন্দোলন ২৬তম দিনে গড়িয়েছে। শারীরিক অবস্থার চরম অবনতি ঘটায় আদালতের নির্দেশে মঙ্গলবারই দিল্লির সফদরজং হাসপাতাল থেকে তাঁকে গুরুগ্রামের বিখ্যাত মেদান্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু এই সংকটাপন্ন অবস্থাতেও নিজের অনশন কর্মসূচি থেকে একচুলও সরেননি এই বিশিষ্ট শিক্ষাবিদ।

এই চরম উত্তেজনার আবহেই মঙ্গলবার গভীর রাতে মেদান্ত হাসপাতালে হাজির হন দুই শীর্ষ কেন্দ্রীয় মন্ত্রী, জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং। অনশনের ২৬তম দিনে আইসিইউ-তে (ICU) চিকিৎসাধীন সোনমের সঙ্গে কেন্দ্রীয় প্রতিনিধিদের এই সারপ্রাইজ সাক্ষাৎ রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অভিজ্ঞ মহল।

প্রসঙ্গত, নিট পরীক্ষার দুর্নীতির বিরুদ্ধে দিল্লির যন্তর মন্তরে একটানা ২১ দিন অনশন করার পর গত শনিবার পুলিশ বলপ্রয়োগ করে সোনম ওয়াংচুককে তুলে নিয়ে যায় এবং সফদরজং হাসপাতালে ভর্তি করায়। এই পদক্ষেপে ক্ষুব্ধ হয়ে সোনমের স্ত্রী গীতাঞ্জলী দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করেন এবং তাঁকে দ্রুত মেদান্ত হাসপাতালে স্থানান্তরিত করার আর্জি জানান। আদালত সেই আর্জি মঞ্জুর করার পর মঙ্গলবার সন্ধ্যায় অত্যন্ত সতর্কতার সঙ্গে গ্রিন করিডোর করে অ্যাম্বুল্যান্সে সোনমকে মেদান্তে নিয়ে আসা হয়।

আইসিইউ-তে চিকিৎসাধীন সোনমের স্বাস্থ্যের সার্বিক খোঁজখবর নিতে মাঝরাতেই সেখানে যান কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং। তাঁরা সোনমের চিকিৎসার দায়িত্বে থাকা ডাক্তারদের দলটির সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন এবং স্বাস্থ্যের পরিস্থিতি খতিয়ে দেখেন। সূত্রের খবর, দুই মন্ত্রী সোনমের সঙ্গেও ব্যক্তিগতভাবে কথা বলেছেন। যদিও তাঁদের আলোচনার মূল বিষয়বস্তু সরকারের তরফে আনুষ্ঠানিকভাবে খোলসা করা হয়নি।

উল্লেখ্য, সোনম ওয়াংচুকের এই প্রতিবাদী আন্দোলন গোটা দেশের নজর কেড়েছে। বর্তমানে চলমান সংসদের বাদল অধিবেশনেও নিট কেলেঙ্কারি এবং আন্দোলনকারী পড়ুয়াদের উপর পুলিশি লাঠিচার্জ নিয়ে সুর চড়িয়েছে বিরোধী শিবির। চাপের মুখে পড়ে কেন্দ্রও স্পষ্ট জানিয়েছে যে, সংসদে এই বিষয়টি নিয়ে তারা বিস্তারিত আলোচনায় প্রস্তুত এবং দেশের পুরো পরীক্ষা ব্যবস্থাকে সংস্কার করতে প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে। এখন দুই কেন্দ্রীয় মন্ত্রীর এই নৈশ সাক্ষাতের পর সোনম ওয়াংচুক অনশন তুলে নেন কি না, সেদিকেই তাকিয়ে গোটা দেশ।

Related Articles