রাজ্যের খবর

শুনানি প্রক্রিয়ায় ১২ জেলায় বিশেষ ছাড় নির্বাচন কমিশনের, পাহাড় ও বনাঞ্চল এলাকায় সরকারি দফতরের বাইরে শুনানির অনুমতি

নতুন নির্দেশিকা অনুযায়ী, সংশ্লিষ্ট জেলাগুলিতে গ্রাম পঞ্চায়েত ভবন, স্কুল-কলেজ, কমিউনিটি হল কিংবা অন্যান্য অনুমোদিত সরকারি স্থানে শুনানি কেন্দ্র করা যাবে

Truth Of Bengal: রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার আওতায় শুনানি পর্ব চলাকালীন ১২টি জেলাকে বিশেষ ছাড় দিল জাতীয় নির্বাচন কমিশন। ভৌগোলিক প্রতিকূলতার কারণে এই জেলাগুলিতে বিডিও, এসডিও বা জেলাশাসকের অফিস ছাড়াও অন্যত্র শুনানি কেন্দ্র স্থাপন করা যাবে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে।

নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, পাহাড় ও বনভূমি অধ্যুষিত এলাকায় জনবসতি ছড়িয়ে-ছিটিয়ে থাকায় বহু ভোটারের পক্ষে নির্দিষ্ট প্রশাসনিক দফতরে পৌঁছে শুনানিতে অংশ নেওয়া সম্ভব হচ্ছে না। সেই কারণেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে পাঠানো প্রস্তাবে সম্মতি দিয়েছে কমিশন।

কমিশন সূত্রে খবর, এই বিশেষ ছাড় পাওয়া জেলাগুলির মধ্যে রয়েছে দার্জিলিং, কালিম্পং, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি-সহ মোট ১২টি জেলা। এসব জেলা থেকেই আগে নির্বাচন কমিশনের কাছে পৃথকভাবে প্রস্তাব পাঠানো হয়েছিল।

নতুন নির্দেশিকা অনুযায়ী, সংশ্লিষ্ট জেলাগুলিতে গ্রাম পঞ্চায়েত ভবন, স্কুল-কলেজ, কমিউনিটি হল কিংবা অন্যান্য অনুমোদিত সরকারি স্থানে শুনানি কেন্দ্র করা যাবে। তবে প্রতিটি কেন্দ্রের তালিকা জেলা প্রশাসনকে নির্বাচন কমিশনের কাছে জানাতে হবে।

প্রশাসনিক মহলের মতে, এই সিদ্ধান্তে পাহাড় ও জঙ্গলমহল এলাকার ভোটাররা বড়সড় স্বস্তি পাবেন এবং শুনানি প্রক্রিয়ায় অংশগ্রহণ বাড়বে বলে আশা করা হচ্ছে।

Related Articles