গর্জে উঠল ‘বাহুবলী’! শ্রীহরিকোটা থেকে সবচেয়ে ভারী কৃত্রিম উপগ্রহের সফল উৎক্ষেপণ
এই অভিযানে এলভিএম৩ সঙ্গে করে নিয়ে যায় মার্কিন সংস্থা AST SpaceMobile-এর অত্যাধুনিক কমিউনিকেশন স্যাটেলাইট ‘ব্লুবার্ড-৬’।
Truth Of Bengal: ক্রিসমাসের ঠিক আগমুহূর্তে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) আরও এক ঐতিহাসিক সাফল্য অর্জন করল। এলভিএম৩ রকেটের নিখুঁত উৎক্ষেপণের মাধ্যমে ভারতীয় মাটি থেকে এযাবৎকালের সবচেয়ে ভারী বিদেশি উপগ্রহ সফলভাবে কক্ষপথে স্থাপন করল ইসরো। এই কৃতিত্ব ভারতের মহাকাশ অভিযানের মুকুটে নতুন পালক যোগ করল।
৬৪০ টন ওজনের দেশের সবচেয়ে শক্তিশালী রকেট এলভিএম৩, যা ‘বাহুবলী’ নামেই বেশি পরিচিত, বুধবার সকাল ৮টা ৫৪ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়। নির্ধারিত সময়েই রকেটটি উৎক্ষিপ্ত হয়ে তার মিশন নির্বিঘ্নে সম্পন্ন করে।
এই অভিযানে এলভিএম৩ সঙ্গে করে নিয়ে যায় মার্কিন সংস্থা AST SpaceMobile-এর অত্যাধুনিক কমিউনিকেশন স্যাটেলাইট ‘ব্লুবার্ড-৬’। এই উপগ্রহের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল, এটি সরাসরি মহাকাশ থেকে যে কোনও স্মার্টফোনে ব্রডব্যান্ড সিগন্যাল পাঠাতে সক্ষম।
ব্লুবার্ড-৬ স্যাটেলাইটটির বিশাল ২২০০ বর্গমিটার অ্যারে অ্যান্টেনা রয়েছে, যার ফলে এটি পুরনো কৃত্রিম উপগ্রহগুলির তুলনায় প্রায় ১০ গুণ বেশি তথ্য সংরক্ষণ ও আদান-প্রদান করতে পারে। আধুনিক যোগাযোগ ব্যবস্থায় এই প্রযুক্তি এক নতুন দিগন্ত খুলে দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এই অভিযানের নাম দেওয়া হয়েছে LVM3-M6। উল্লেখযোগ্যভাবে, এর আগের মিশন LVM3-M5-এর মাধ্যমে গত নভেম্বরে ইসরোর সবচেয়ে ভারী দেশীয় উপগ্রহ CMS-03 সফলভাবে মহাকাশে পাঠানো হয়েছিল। পরপর দুই সফল মিশনের মাধ্যমে এলভিএম৩ রকেট আবারও তার সক্ষমতার প্রমাণ দিল এবং আন্তর্জাতিক মহাকাশ উৎক্ষেপণ ক্ষেত্রেও ভারতের অবস্থান আরও মজবুত হল।






