কলকাতারাজ্যের খবর

Kolkata Christmas Weather: ক্রিসমাস ইভে শহর জুড়ে শীতের আমেজ! বড়দিনে কত নামবে পারদ?

গত কয়েক সপ্তাহ ধরে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৭ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করলেও মঙ্গলবার রাতে পারদ নেমেছে ১৪ ডিগ্রি সেলসিয়াসে।

Truth of Bengal: শহর কলকাতায় অবশেষে জাঁকিয়ে ফিরছে শীতের আমেজ, আর ঠিক এই সময়েই হাজির বড়দিন। বুধবার ক্রিসমাস ইভ থেকেই উৎসবের রোশনাই ছড়িয়ে পড়েছে শহরজুড়ে। আবহাওয়াবিদদের মতে, এ বছর বড়দিনের আবহাওয়া সাধারণ মানুষকে নিরাশ করবে না। গত কয়েক সপ্তাহ ধরে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৭ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করলেও মঙ্গলবার রাতে পারদ নেমেছে ১৪ ডিগ্রি সেলসিয়াসে। দিনের সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের তুলনায় প্রায় ২ ডিগ্রি কম থাকায় বুধবার সকাল থেকেই শীতের উপস্থিতি স্পষ্ট। সব মিলিয়ে বড়দিনে শহরবাসীর সঙ্গী হবে কাঙ্ক্ষিত ঠান্ডা।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই মুহূর্তে রাজ্যে নতুন কোনও পশ্চিমী ঝঞ্ঝা বা নিম্নচাপের সম্ভাবনা নেই। ফলে আগামী কয়েকদিন আবহাওয়া মূলত শুষ্কই থাকবে, যা তাপমাত্রা আরও কমার পক্ষে সহায়ক। বৃষ্টির সম্ভাবনা না থাকলেও কুয়াশার দাপট বাড়তে পারে। উত্তরবঙ্গে অতি ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে, আর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝারি কুয়াশা দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ১ থেকে ২ ডিগ্রি কম। বৃহস্পতিবার থেকে পারদ আরও ২ থেকে ৩ ডিগ্রি নামতে পারে বলে মনে করা হচ্ছে, যার ফলে কলকাতার তাপমাত্রা ১৩ ডিগ্রির নীচে নামার সম্ভাবনা রয়েছে।

চলতি মরশুমে এখনও পর্যন্ত শীতলতম দিন ছিল গত রবিবার, সেদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতরের অনুমান, চলতি সপ্তাহেই সেই রেকর্ড ভেঙে যেতে পারে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে কনকনে ঠান্ডার অনুভূতি বেশি থাকবে এবং সেখানে তাপমাত্রা ৮ থেকে ১২ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করতে পারে। উপকূলবর্তী জেলাগুলিতে তাপমাত্রা থাকবে ১২ থেকে ১৫ ডিগ্রির আশেপাশে। পাহাড়ের পাদদেশ সংলগ্ন জেলাগুলিতে শীতের আমেজ বজায় থাকলেও আগামী কয়েকদিন বড় কোনও আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত নেই।

অন্যদিকে, কুয়াশার কারণে উত্তরবঙ্গের পরিস্থিতি কিছুটা আলাদা হতে পারে। দার্জিলিং ও পার্বত্য এলাকায় তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা, আর সমতলের জেলাগুলিতে পারদ থাকতে পারে ১২ থেকে ১৪ ডিগ্রির মধ্যে। আগামী দু’-তিন দিন দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কিছু অংশে অত্যন্ত ঘন কুয়াশা দেখা দিতে পারে। এর জেরে দৃশ্যমানতা কমে গিয়ে বাগডোগরা বিমানবন্দরের বিমান পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কাও রয়েছে।

Related Articles