রাজ্যের খবর

Purulia Tourism Winter: শীত পড়তেই পুরুলিয়ায় ছৌ মুখোশ কেনাকাটায় পর্যটকদের উপচে পড়া ভিড়

শুধু অযোধ্যা পাহাড় নয়, পাহাড় তলির পুরুলিয়ার বিখ্যাত মুখোশ গ্রাম চড়িদাতেও পাল্লা দিয়ে বাড়ছে পর্যটকদের আনাগোনা।

নয়ন কুইরী, ঝালদা: শীত পড়তেই পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে প্রতিবছরের মতো এবারও পর্যটকদের ভিড় জমতে শুরু করেছে। ডিসেম্বর মাস শুরু হতেই পাহাড়ি প্রকৃতি উপভোগ করতে দূরদূরান্ত থেকে আসছেন ভ্রমণপিপাসুরা। শুধু অযোধ্যা পাহাড় নয়, পাহাড় তলির পুরুলিয়ার বিখ্যাত মুখোশ গ্রাম চড়িদাতেও পাল্লা দিয়ে বাড়ছে পর্যটকদের আনাগোনা। তারই সঙ্গে জমে উঠেছে ছৌ মুখোশের বাজার।

চড়িদা গ্রামে ঢুকলেই চোখে পড়ছে সারি সারি দোকান, রঙিন ছৌ মুখোশে সাজানো পসরা। দেদার বিক্রি হচ্ছে নানা আকার ও রঙের মুখোশ। পর্যটকদের অনেকেই জানাচ্ছেন, অযোধ্যা পাহাড়ে বেড়াতে এসে চড়িদার ঐতিহ্যবাহী ছৌ মুখোশ না কিনলে ভ্রমণ অসম্পূর্ণ থেকে যায়। তাই স্মৃতিচিহ্ন হিসেবে তাঁরা ছৌ মুখোশ কিনে নিয়ে যাচ্ছেন।

পর্যটকদের চাহিদার কথা মাথায় রেখে শিল্পীরাও আগে থেকেই প্রস্তুতি সেরে রেখেছেন। ঘর সাজানোর জন্য ছোট মুখোশ থেকে শুরু করে বড় আকারের শৈল্পিক মুখোশ—সবই পাওয়া যাচ্ছে। শিল্পীদের আশা, এবছর পর্যটকের সংখ্যা ভালোই হবে এবং তার সঙ্গে তাঁদের ব্যবসাও ভালোভাবে জমবে। পর্যটকদের ভিড়ে এখন চড়িদায় বইছে খুশির হাওয়া।

Related Articles