পাহাড়-নদী-জঙ্গল আর ঝরনার অফবিট স্বর্গ, জানেন এই ঠিকিনা?
Truth Of Bengal: পুজোর ছুটির অবকাশে ক’টা দিন ঘুরতে যাওয়ার মজাই আলাদা। আর তা যদি হয় নিজের রাজ্যে তাহলে তো কথাই নেই। সেই জায়গায় যদি পাহাড়, নদী, জঙ্গল আর ঝরনার সহবস্থান হয় তো কথাই নেই। যাকে বলে, একেবারে সোনায় সোহাগা। পুজোর ছুটিতে মনটা কেমন যেন পালাই পালাই করে। যাঁরা একসঙ্গে পাহাড়, জঙ্গল, নদী, ঝরনা দেখতে চান, তাঁদের জন্য পুরুলিয়ার এক অফবিট পর্যটন কেন্দ্র মামুডি হল আদর্শ ঠিকানা। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ শরীর ও মন ভরিয়ে দেবে।

পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের ওপর এক প্রাচীন জনপদ হল মামুডি। এটি কোটশিলা বনাঞ্চলের অধীনে পাহাড়ের সবচেয়ে উঁচু জায়গার মধ্যে অন্যতম। জঙ্গল, পাহাড়, ঝরনা, হ্রদ ঘেরা মামুডিতে দেখা মেলে ময়ূর, হাতি, হরিণ, শজারু, খরগোশ প্রভৃতি বন্যপ্রাণী ও অসংখ্য পাখির। নিস্তব্ধ নিরিবিলি পরিবেশে কাটানোর আদর্শ ঠিকানা হল মামুডি।
এখানকার জঙ্গলে চিরহরিৎ এবং পর্ণমোচী গাছ রয়েছে। শাল, পিয়াল, মহুয়া, সেগুন, হরিতকীর জঙ্গল ঘেরা মামুডি থেকে ঘুরে আসা যায় মাছকান্দা ঝরনা, সাহারজোড় নদী, পিটিদিরি নদী, মড়াভাসা হ্রদ, গজাবুরু ভিউ পয়েন্ট, জিলিং সেরেং গ্রাম, চেমটোবুরু শৃঙ্গ, রুপাই নদী, বামনি জলপ্রপাত, তুর্গা জলপ্রপাত। বেড়ানোর আদর্শ সময় হল অক্টোবর থেকে ফেব্রুয়ারি। সোনাঝুড়ি ইকো রিসর্টে থাকা যায়। মামুডি থেকে ঘুরে আসা যায় ছৌ নাচের মুখোশ তৈরির জন্য বিখ্যাত চরিদা গ্রাম।






