Churches in Kolkata: ভিড় এড়িয়ে বড়দিন কাটাতে চান? ঘুরে দেখুন কলকাতার এই ৩টি অজানা গির্জা!
এই চেনা পরিচিত জায়গার বাইরেও কলকাতার অলিগলিতে লুকিয়ে আছে ইতিহাস ও স্থাপত্যের অনন্য সব নিদর্শন।
Truth of Bengal: বড়দিনের উৎসব মানেই ঝলমলে আলোয় সেজে ওঠা পার্কস্ট্রিট বা সেন্ট পল্’স ক্যাথিড্রালের ভিড়। তবে এই চেনা পরিচিত জায়গার বাইরেও কলকাতার অলিগলিতে লুকিয়ে আছে ইতিহাস ও স্থাপত্যের অনন্য সব নিদর্শন। এই বড়দিনের ছুটিতে আপনি যদি একটু নিরিবিলি অথচ ঐতিহাসিক গির্জা ঘুরে দেখতে চান, তবে তালিকার ওপরের দিকে রাখা যায় এমন তিনটি গির্জার খোঁজ রইল আপনাদের জন্য।
সেন্ট মেরি’স চার্চ
লিন্টন স্ট্রিটে অবস্থিত এই গির্জাটি জ্যাকোবাইট সিরিয়ান অর্থোডক্স চার্চের অন্তর্ভুক্ত। এর ইতিহাস বেশ চমকপ্রদ। এক সময় খড় দিয়ে তৈরি এই গির্জাটিকে বলা হতো ‘চ্যাপেল অফ কানিক্কাই মাধা’। তামিলনাড়ু থেকে আসা খ্রিস্টান ধর্মাবলম্বীরা এটি নির্মাণ করেছিলেন। ১৮৩২ সালের এক দাঙ্গায় পুরোনো কাঠামোটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর ১৮৭৫ সালে বর্তমানের এই গথিক স্থাপত্যটি নতুনভাবে গড়ে তোলা হয়। জ্যামিতিক কারুকার্য মণ্ডিত এই গির্জাটি কলকাতার অন্যতম প্রাচীন ও বৃহৎ উপাসনালয় হিসেবে পরিচিত।

সেন্ট জেমস’ চার্চ
মধ্য কলকাতার মানুষের কাছে এটি ‘জোড়া গির্জা’ নামেই বেশি পরিচিত। এর নেপথ্যে রয়েছে একটি পুরনো ইতিহাস। ১৮৫৮ সালে অ্যামহার্স্ট স্ট্রিটের পুরনো সেন্ট জেমস’ গির্জার ছাদ ধসে যাওয়ার পর ১৮৬২ সালে এন্টালি এলাকায় বর্তমানের এই গির্জাটি তৈরি করা হয়। গথিক স্টাইলে নির্মিত এই চার্চটির শান্ত পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই। সপ্তাহের অন্য দিনগুলোতে সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টার মধ্যে এখানে যাওয়া যায়। তবে শুধু রবিবারে পর্যটক ও দর্শনার্থীদের জন্য সকাল ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত এটি খোলা থাকে।

রোমান ক্যাথলিক আর্কডায়োসেস অফ ক্যালকাটা
১৮৩৪ সালের ১ মে প্রতিষ্ঠিত এই গির্জাটি ভারতের অন্যতম প্রাচীন ও বৃহত্তম গির্জাগুলোর একটি। শহরের অনেক নামী স্কুল এবং সেন্ট মেরি বা সেন্ট জেমসের মতো গির্জাগুলোও এই আর্কডায়োসেসের অধীনে পরিচালিত হয়। স্থাপত্যের দিক থেকে এটি অত্যন্ত রাজকীয় এবং ইতিহাসের সাক্ষী। বড়দিনে পার্কস্ট্রিটের হুল্লোড় থেকে কিছুটা সময় বের করে নিয়ে আপনি ঘুরে আসতে পারেন ঐতিহ্যবাহী এই গির্জা প্রাঙ্গণে।



