লন্ডনের এ কী হাল! রাস্তায় পানের পিকের নোংরা দাগ
এবার লন্ডনের মতো সাজানো গোছানো শহরেও বিভিন্ন জায়গায় দেখা গেছে পানের পিকের নোংরা দাগ।
Truth Of Bengal: ভারতের সর্বত্র রাস্তায় যত্রতত্র দেওয়ালে, রাস্তার পাশে, পাঁচিলের ধারে পানের পিক ও পান মশলার নোংরা দাগ নজরে পড়ে। অনেকেই ইচ্ছে করে যত্রতত্র পানের পিক ফেলে নোংরা করে তাদের সচেতনতার অভাবের কথা বলা হয়। কিন্তু প্রশাসনের তরফে কড়া ব্যবস্থা না নিয়ে গয়ংগচ্ছ মনোভাব দেখানো হয়। এবার লন্ডনের মতো সাজানো গোছানো শহরেও বিভিন্ন জায়গায় দেখা গেছে পানের পিকের নোংরা দাগ।
লন্ডন বরো এই নোংরা অপরিচ্ছন্ন করার প্রবণতা ঠেকাতে মোটা অর্থের জরিমানা ধার্য করেছে। ব্রেন্ট কাউন্সিল জানিয়েছে, শহর জুড়ে সর্বত্র পানের পিক ও পান মশলার নোংরা দাগ মুছতে লন্ডন নগর প্রশাসন ১ বছরে খরচ করেছে ৩০ হাজার পাউন্ড। অনেক জায়গায় কড়া রাসায়নিক উপাদান ব্যবহার করেও দাগ মোছা যায়নি।
শহরের যে সব জায়গায় পানের পিক ফেলার প্রবণতা বেশি সেখানে নজরদারি চালানো হচ্ছে। গাছে ব্যানার টাঙিয়ে সকলকে সচেতন করা হয়েছে। হাতেনাতে পানের পিক ফেলতে দেখলে ১০০ পাউন্ড পর্যন্ত জরিমানা করা হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে লন্ডন প্রশাসন। লন্ডনবাসী নিজের প্রিয় শহরকে সুন্দর, পরিচ্ছন্ন রাখতে যথেষ্ট তৎপর। তাই সেখানে যত্রতত্র পানের পিকের নোংরা দাগ দেখে সকলেই চিন্তিত।


