নিরীহ আফগানদের ওপর হামলা, পাকিস্তানের বিরুদ্ধে রাষ্ট্রসংঘে কড়া সুর ভারতের
এছাড়া পাকিস্তান কর্তৃক আফগান সীমান্ত বন্ধ রাখার বিষয়টিও ভারতের পক্ষ থেকে উদ্বেগজনক হিসেবে উল্লেখ করা হয়েছে।
Truth Of Bengal: ভারত আফগানিস্তানের উপর পাকিস্তানের হামলার তীব্র নিন্দা করেছে। বৃহস্পতিবার রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনে ভারতের স্থায়ী প্রতিনিধি সাফ পর্বতানেনি হরিশ জানান, মহিলা এবং শিশুদের উপর হামলা আসলে যুদ্ধাপরাধের সমান। তিনি বলেন, এটি আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এছাড়া পাকিস্তান কর্তৃক আফগান সীমান্ত বন্ধ রাখার বিষয়টিও ভারতের পক্ষ থেকে উদ্বেগজনক হিসেবে উল্লেখ করা হয়েছে।
চলতি বছরে একাধিকবার পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সংঘাতের ঘটনা ঘটেছে। এই প্রসঙ্গে হরিশ বলেন, “রাষ্ট্রসংঘের সনদ যেন পুরোপুরিভাবে মেনে চলা হয়, সেদিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই, বিশেষত নিরীহ নাগরিকদের সুরক্ষার জন্য। যে দেশটি নিজের ভেতরের সমস্যার মধ্য দিয়ে এগোতে চাচ্ছে, সেখানে হামলা চালানো যুদ্ধাপরাধের সমান এবং রাষ্ট্রসংঘের সনদের পরিপন্থী।”
তিনি আরও বলেন, ভারত আফগানিস্তানের সার্বভৌমত্ব, অখণ্ডতা ও স্বাধীনতাকে সম্পূর্ণ সমর্থন করে। দেশের উপর যেকোনো আক্রমণ ভারতের পক্ষ থেকে নিন্দার যোগ্য। তবে এই বক্তব্যে ভারতের প্রতিনিধি সরাসরি পাকিস্তানের নাম উল্লেখ করেননি।
উল্লেখ্য, গত অক্টোবর মাসে ডুরান্ড লাইনকে কেন্দ্র করে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়। সংঘর্ষে দুইপক্ষেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিহতদের মধ্যে রয়েছে মহিলা এবং শিশুদের পাশাপাশি আফগানিস্তানের তিন উদীয়মান ক্রিকেটারও।
অন্যদিকে, অপারেশন সিঁদুরের পর ভারতের সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক ব্যাপকভাবে উন্নতি করেছে। তালিবান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি এবং শিল্প ও বাণিজ্যমন্ত্রী আলহাজ নুরুদ্দিন আজিজি পরপর ভারত সফর করেছেন। ভূমিকম্পের পর ভারত আফগানিস্তানকে বিপুল পরিমাণ ত্রাণ পাঠিয়েছে এবং কাবুলে ভারতীয় দূতাবাস পুরোপুরি সক্রিয় হয়েছে। এছাড়া দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কেও ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এবার ‘নতুন বন্ধু’ আফগানিস্তানের হয়ে রাষ্ট্রসংঘেও সরব হয়েছে নয়াদিল্লি।






