আন্তর্জাতিক

হজের পবিত্রতা রক্ষায় কঠোর নিয়ম, ছবি তোলা যাবে না পবিত্র স্থানে

২০২৬ সালের হজযাত্রায় অংশগ্রহণের সুযোগ পাবেন যেসব ব্যক্তি লটারির মাধ্যমে নির্বাচিত হবেন, তাদের জন্য এই নিয়ম পালন বাধ্যতামূলক।

Truth Of Bengal: ২০২৬ সালের হজযাত্রার জন্য নতুন সরকারি নির্দেশিকা প্রকাশ করেছে সৌদি আরব। হজের পবিত্রতা রক্ষা এবং ভিড় নিয়ন্ত্রণে রাখতে একাধিক নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

সৌদি সরকারের হাজি ও উমরা মন্ত্রণালয় জানিয়েছে, মক্কার মসজিদ আল-হারাম এবং মদিনার মসজিদ আল-নববি চত্বরে কোনো ধরনের ছবি বা ভিডিও তোলা যাবে না। ২০২৬ সালের হজযাত্রায় অংশগ্রহণের সুযোগ পাবেন যেসব ব্যক্তি লটারির মাধ্যমে নির্বাচিত হবেন, তাদের জন্য এই নিয়ম পালন বাধ্যতামূলক।

নির্দেশিকায় আরও বলা হয়েছে, মোবাইল ফোন বা ক্যামেরা ব্যবহার করে দুই পবিত্র মসজিদের চত্বরে ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ। সরকারি সূত্রের বক্তব্য, “পবিত্র স্থানের মর্যাদা রক্ষা এবং হাজিদের অনুভূতির প্রতি সম্মান জানাতেই যেকোনো পদ্ধতিতে ছবি তোলার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।”

প্রকাশিত খবরে সৌদি সরকারের এক সূত্র জানায়, গত কয়েক বছরে হজযাত্রীদের মধ্যে মোবাইল ফোনে ছবি ও ভিডিও তোলার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এর ফলে ধর্মীয় রীতিনীতি পালন এবং ভিড় নিয়ন্ত্রণে সমস্যা দেখা দিয়েছে।