Panbudara: একসঙ্গে তিস্তা আর কাঞ্চনজঙ্ঘার ৩৬০ ডিগ্রি ভিউ! শীতে নিরিবিলি ছুটি কাটাতে চলুন পানবুদারা
কালিম্পং টাউন থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে অবস্থিত পানবুদারায় আসলে এখানকার ৩৬০ ডিগ্রি ভিউ পয়েন্ট থেকে খরস্রোতা তিস্তা নদী আর কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের অপূর্ব রূপ একসঙ্গে দেখা যায়।
Truth of Bengal: অসামান্য প্রাকৃতিক সৌন্দর্যবিশিষ্ট কালিম্পংয়ের কাছে ছোট্ট পাহাড়ি গ্রাম হল পানবুদারা। অফবিট পর্যটন কেন্দ্র পানবুদারা ক্রমশ পর্যটক মহলে সাড়া ফেলছে। কালিম্পং টাউন থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে অবস্থিত পানবুদারায় আসলে এখানকার ৩৬০ ডিগ্রি ভিউ পয়েন্ট থেকে খরস্রোতা তিস্তা নদী আর কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের অপূর্ব রূপ একসঙ্গে দেখা যায়। আঁকাবাঁকা পথ পেরিয়ে নিরিবিলি নেচার ওয়াক ও নাম না জানা নানান প্রজাতির পাখির কলরব শুনে মন ভরে যায়। প্রকৃতির সান্নিধ্যে দুদণ্ড শান্তিতে কাটাতে চাইলে আপনার গন্তব্য হতেই পারে পানবুদারা।
সারাদিনই রোদ, মেঘ আর কুয়াশার খেলা চলে। রাতে তারাভরা আকাশ আর নীচে আলো ঝলমলে শিলিগুড়ির দৃশ্য দেখে এক অন্যরকম অভিজ্ঞতা লাভ হয়। পানবুদারা থেকে ঘুরে আসা যায় ২৫ কিলোমিটার দূরের লোলেগাঁও। ১৬৭৫ মিটার উঁচু লোলেগাঁও থেকে কাঞ্চনজঙ্ঘা পাহাড়কে খুব ভালো রকম দেখা যায়। এছাড়াও ঘুরে আসা যায় পানবু ভিউ পয়েন্ট, চারখোলে, কাফেরগাঁও ও লাভা মনেস্ট্রি।
কীভাবে যাবেন
নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ৪৫ কিমি দূরে অবস্থিত এই ছবির মতো সুন্দর গ্রাম। সময় লাগে ২-২.৫ ঘণ্টা। শিলিগুড়ি থেকে দেড় ঘণ্টা লাগে কালিঝোরা পৌঁছতে। সেখান থেকে সহজে আসা যায় পানবুদারা। এছাড়াও বাগডোগরা বিমানবন্দর থেকে সহজে আসা যায়। মার্চ থেকে জুন মাস পর্যন্ত পানবুদারা বেড়ানোর আদর্শ সময়।






