Delhi: বিষাক্ত বাতাস থেকে মুক্তি? দূষণ ঠেকাতে এবার ‘কৃত্রিম বৃষ্টি’র ভরসা দিল্লির
দূষণের মাত্রা কমাতে জরুরি পদক্ষেপ হিসেবে কৃত্রিম মেঘসঞ্চারের মাধ্যমে বৃষ্টি ঘটানোর প্রস্তুতি চলছে।
Truth of Bengal: দিল্লিতে দূষণ কমাতে অভিনব উদ্যোগ দিল্লি সরকারের। দীপাবলির পর দূষণ কমাতে কৃত্রিম বৃষ্টিপাত ঘটিয়ে দূষণ কমানোর পন্থা নেওয়া হচ্ছে।কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৬টায় দিল্লি ও আশপাশের এলাকার বায়ুর মান সূচক ছিল ২৯৩, যা ‘খারাপ’ স্তরে পড়ছে। বৃহস্পতিবার বিকেলে এই সূচক ছিল ৩০৫, অর্থাৎ ‘অতি খারাপ’ পর্যায়ে। গত চার দিন ধরে রাজধানীর বাতাস ক্রমেই দূষিত হয়ে উঠছিল। এই পরিস্থিতিতে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত বৃহস্পতিবার জানিয়েছেন, দূষণের মাত্রা কমাতে জরুরি পদক্ষেপ হিসেবে কৃত্রিম মেঘসঞ্চারের মাধ্যমে বৃষ্টি ঘটানোর প্রস্তুতি চলছে। তাঁর কথায়, কৃত্রিম বৃষ্টিপাত শুধু প্রযুক্তিগত দিক থেকে ঐতিহাসিকই নয়, এটি দিল্লির দূষণ ঠেকাতে একটি বৈজ্ঞানিক রূপরেখা গড়ে তোলার সূচনা (Delhi)।
আমাদের লক্ষ্য, রাজধানীর বাতাস পরিচ্ছন্ন রাখা এবং উদ্ভাবনের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করা।আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী ২৮ থেকে ৩০ অক্টোবরের মধ্যে দিল্লির আকাশে মেঘ তৈরির সম্ভাবনা রয়েছে। সেই সময়েই কৃত্রিম মেঘসঞ্চারের জন্য আদর্শ পরিবেশ মিলতে পারে বলে আশা করা হচ্ছে। ২৯ অক্টোবরকে সম্ভাব্য উপযুক্ত দিন হিসেবে চিহ্নিত করা হয়েছে। উল্লেখ্য, গত সেপ্টেম্বরেই দিল্লি সরকার আইআইটি কানপুর-এর সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছিল, যার আওতায় পাঁচটি কৃত্রিম মেঘসঞ্চারের পরিকল্পনা করা হয়েছে (Delhi)।
এই প্রকল্পের জন্য আইআইটি কানপুরের মিরাট কেন্দ্রের একটি বিশেষ বিমান প্রস্তুত রাখা হয়েছে, যেখানে কৃত্রিম বৃষ্টি ঘটানোর জন্য প্রয়োজনীয় উপকরণ মজুত রয়েছে।একিউআই-এর মানদণ্ড অনুযায়ী, ০ থেকে ৫০ ‘ভাল’, ৫১ থেকে ১০০ ‘সন্তোষজনক’, ১০১ থেকে ২০০ ‘মাঝারি’, ২০১ থেকে ৩০০ ‘খারাপ’, ৩০১ থেকে ৪০০ ‘খুব খারাপ’, ৪০১ থেকে ৪৫০ ‘ভয়ানক’, ৪৫০-এর উপরে ‘অতি ভয়ানক’।বর্তমানে দিল্লির সূচক ‘খারাপ’ থেকে ‘অতি খারাপ’-এর সীমান্তে ঘুরপাক খাচ্ছে। তাই দূষণ রুখতে ‘কৃত্রিম বর্ষা’-ই হতে পারে রাজধানীর শেষ আশার বৃষ্টি (Delhi)।






