কলকাতা
স্বস্তি-অস্বস্তির মাঝে শুভেন্দু! হারালেন রক্ষাকবচ, খারিজ হল ১৫ মামলা
২০২১ সাল থেকে শুভেন্দু অধিকারী যে ‘রক্ষাকবচ’ পেয়ে আসছিলেন, তা প্রত্যাহার করা হয়েছে।
Truth Of Bengal: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নতুন FIR দায়েরে কোনও বাধা থাকল না। কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের একক বেঞ্চ শুক্রবার এই রায় ঘোষণা করেছে। ২০২১ সাল থেকে শুভেন্দু অধিকারী যে ‘রক্ষাকবচ’ পেয়ে আসছিলেন, তা প্রত্যাহার করা হয়েছে।
এখন থেকে তাঁর বিরুদ্ধে আদালতের অনুমতি ছাড়াই FIR দায়ের করা যাবে। তবে, পূর্বের ১৬টি FIR-এর মধ্যে ১৫টি খারিজের নির্দেশে স্বস্তি পেলেন শুভেন্দু। মানিকতলা থানার মামলায় সিবিআই ও রাজ্য পুলিশের যৌথ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এই তদন্তে স্পেশাল ইনভেস্টিগেশন টিম (SIT) গঠন করা হবে, যেখানে সর্বোচ্চ ১২ জন সদস্য থাকবেন। এর মধ্যে ৬ জন সিবিআই ও ৬ জন রাজ্য পুলিশের এসপি পদমর্যাদার আধিকারিক থাকবেন। নন্দীগ্রামের ২টি, তমলুকের ১টি এবং কাঁথির ১টি মামলায় শুভেন্দু অধিকারী রক্ষাকবচের জন্য হাইকোর্টে আবেদন করেননি।
বিচারপতি জয় সেনগুপ্ত জানিয়েছেন, এই মামলাগুলিতে রক্ষাকবচ চেয়ে আবেদন করলে আদালত তা বিবেচনা করবে।২০২১ সালে বিচারপতি রাজাশেখর মান্থার অন্তর্বর্তী নির্দেশে শুভেন্দু অধিকারী রক্ষাকবচ পেয়েছিলেন, যা সুপ্রিম কোর্ট বহাল রেখেছিল। এর ফলে তাঁর বিরুদ্ধে দেড় ডজনেরও বেশি FIR-এর তদন্ত স্থগিত বা বন্ধ ছিল। শুক্রবারের রায়ে সেই রক্ষাকবচের চূড়ান্ত নিষ্পত্তি হল। নতুন FIR-এর ক্ষেত্রে শুভেন্দুর বিরুদ্ধে পদক্ষেপের পথ খুললেও পুরনো ১৫টি মামলায় তিনি এখনও সুরক্ষিত।




