ভ্যাপসা গরমের মাঝে স্বস্তি? কী পূর্বাভাস দিল আবহাওয়া দফতর
কোনও জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা জারি হয়নি।
Truth Of Bengal: শহরে দেখা নেই বৃষ্টির, বাড়ছে ভ্যাপসা গরম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মোটের উপর আবহাওয়া শুকনো থাকবে। তবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুরে রবিবার থেকে বৃহস্পতিবারের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায়ও সামান্য বৃষ্টি হতে পারে।
কোনও জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা জারি হয়নি। বঙ্গোপসাগরে তামিলনাড়ু উপকূল সংলগ্ন দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি নিম্নচাপ অঞ্চল সুস্পষ্ট হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, এটি নিম্নচাপে রূপ নিয়ে তামিলনাড়ু, পুদুচেরি ও অন্ধ্রপ্রদেশের উপকূলে ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি করতে পারে। তবে এর সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে না।
দক্ষিণবঙ্গের বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে এই নিম্নচাপের কোনও সম্পর্ক নেই বলে জানানো হয়েছে।উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে এখানেও আবহাওয়া মোটামুটি শুকনো থাকবে।শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৮ ডিগ্রি বেশি। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২.৩ ডিগ্রি বেশি।






