SSKM Hospital: এসএসকেএম হাসপাতালে ১৫ বছরের নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগে গ্রেফতার প্রাক্তন অস্থায়ী কর্মী
এই ঘটনায় ইতিমধ্যেই ভবানীপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে।
Truth of Bengal: শহরের অন্যতম প্রধান স্বাস্থ্যকেন্দ্র এসএসকেএম (PG Hospital) হাসপাতালে এক ১৫ বছরের নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অভিযোগের ভিত্তিতে হাসপাতালটির এক প্রাক্তন অস্থায়ী কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় ইতিমধ্যেই ভবানীপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে।
জানা গেছে, গত তিন-চার দিন আগে ওই নাবালিকা তার পরিবারের সঙ্গে এসএসকেএম হাসপাতালে এসেছিল। অভিযোগ উঠেছে, সেই সময় হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটের শৌচালয়ে নিয়ে গিয়ে নাবালিকাটিকে যৌন নিগ্রহ করে অভিযুক্ত।এই ঘটনার পরিপ্রেক্ষিতে এক হাসপাতাল কর্তৃপক্ষ বা চিকিৎসক ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ দ্রুত পদক্ষেপ নেয় এবং অভিযুক্ত অমিত মল্লিককে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, অমিত মল্লিক বর্তমানে এনআরএস হাসপাতালের অস্থায়ী কর্মী হলেও এর আগে তিনি এসএসকেএম হাসপাতালেও কাজ করতেন।
হাসপাতালের একাংশের দাবি, অভিযুক্ত অমিত মল্লিককে এসএসকেএম-এর কার্ডিওলজি বিভাগেও প্রায়শই দেখা যেত। কেউ কেউ বলছেন, হাসপাতালে দালালি চক্রের সঙ্গেও যুক্ত ছিলেন অমিত। পুলিশ অভিযুক্ত অস্থায়ী কর্মীকে গ্রেফতার করার পর তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে বলে জানিয়েছে ভবানীপুর থানার পুলিশ। নাবালিকাকে নিগ্রহের মতো গুরুতর অভিযোগের ঘটনায় হাসপাতালের অভ্যন্তরে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।






