কলকাতা

বেকবাগানে তুলকালাম! চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে বাংলাদেশ উপ হাইকমিশন ঘেরাও সন্ন্যাসীদের

বেকবাগানের কাছে মিছিল আটকে দেয় পুলিশ

Truth of Bengal: বাংলাদেশে জেলবন্দি হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে শনিবার উত্তপ্ত হল কলকাতার বেকবাগান। ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া বা NCPI-র ডাকে শিয়ালদহ থেকে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের উদ্দেশে মিছিল করেন হিন্দু সন্ন্যাসী, বিভিন্ন সংগঠনের সদস্য ও সমর্থকেরা। কিন্তু বেকবাগানের কাছে মিছিল আটকে দেয় পুলিশ। এরপর ব্যারিকেড পেরিয়ে এগোনোর চেষ্টা ঘিরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। শেষ পর্যন্ত বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের কাছাকাছি রাস্তায় অবস্থান বিক্ষোভে বসেন আন্দোলনকারীদের একাংশ। তাঁদের একটাই দাবি—দীর্ঘদিন ধরে জেলবন্দি চিন্ময় কৃষ্ণ দাসকে অবিলম্বে মুক্তি দিতে হবে।

২০২৪ সালের ২৫ নভেম্বর গ্রেপ্তার হন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ-সহ একাধিক মামলা রয়েছে। পরবর্তী সময়ে কয়েকটি মামলায় জামিন পেলেও অন্য মামলা বিচারাধীন থাকায় এখনও জেল থেকে মুক্তি পাননি তিনি। সাম্প্রতিক সময়ে কয়েকটি মামলায় বাংলাদেশের হাই কোর্ট তাঁর জামিন মঞ্জুর করেছে। তবে রাষ্ট্রদ্রোহ মামলায় পাওয়া জামিনের উপর স্থগিতাদেশ রয়েছে এবং আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলাও বিচারাধীন। সেই কারণেই এখনও তাঁর মুক্তি সম্ভব হয়নি।

চিন্ময়ের পরিবার ও সমর্থকদের ক্ষোভ আরও বাড়ে গত সেপ্টেম্বর মাসে তাঁর মায়ের অসুস্থতার সময়। পরিবারের তরফে প্যারোল চাওয়া হলেও প্রথম আবেদন মঞ্জুর হয়নি বলে জানা যায়। পরে তাঁর মা সন্ধ্যা রানি ধরের মৃত্যুর পর শেষকৃত্যে যোগ দেওয়ার জন্য পাঁচ ঘণ্টার প্যারোল দেওয়া হয়। বাংলাদেশে বর্তমানে তারেক রহমানের সরকার ক্ষমতায় থাকলেও চিন্ময় কৃষ্ণ দাসের আইনি জট এখনও কাটেনি। আর সেই দীর্ঘ বন্দিদশার প্রতিবাদেই এবার কলকাতায় পথে নামলেন তাঁর সমর্থকেরা। শনিবারের কর্মসূচিতে আন্দোলনকারীদের বক্তব্য, আইনি প্রক্রিয়া দ্রুত শেষ করে চিন্ময় প্রভুর মুক্তির ব্যবস্থা করতে হবে। বেকবাগানে পুলিশের বাধার পরও তাঁরা আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন।

Related Articles