কলকাতারাজ্যের খবর

পুজোর আগেই বিদায় নেবে মৌসুমি বায়ু? কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

শুক্রবার বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে

Truth of Bengal: শক্তি হারিয়ে সাধারণ নিম্নচাপে পরিণত হয়েছে বঙ্গোপসাগরের নিম্নচাপটি। বর্তমানে সেটির অবস্থান দক্ষিণ-পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন নাগাল্যান্ড-মিজোরাম অঞ্চলের উপর। এর প্রভাবে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। তবে আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দেশজুড়ে ইতিমধ্যেই বর্ষার বিদায়পর্ব শুরু হয়েছে। আগামী দু’-তিন দিনের মধ্যে ঝাড়খণ্ড ও বিহার থেকেও দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিতে শুরু করতে পারে। পশ্চিমবঙ্গে সাধারণত ১০ অক্টোবর নাগাদ বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হয়।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি থাকবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে দু’-এক পশলা হালকা বৃষ্টি হতে পারে।কলকাতায় বৃহস্পতিবার আকাশ আংশিক মেঘলা থাকবে। বৃহস্পতিবার এবং শুক্রবার শহরে বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির আশঙ্কা নেই। শুক্রবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদে হালকা বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়বে। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রবণতা অনেকটাই কমে আসতে পারে।

নিম্নচাপ দুর্বল হলেও বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি আরও কয়েক দিন বজায় থাকতে পারে। তবে আপাতত দিনের বা রাতের তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই।অন্যদিকে, উত্তরবঙ্গেও বৃহস্পতিবার বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ির দু’-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত পার্বত্য পাঁচ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। সোমবার থেকে পাহাড়েও বৃষ্টির প্রবণতা কমতে পারে।

Related Articles