দেশ

Delhi Encounter: বিহারে খুন, তোলাবাজির একাধিক মামলায় অভিযুক্ত! দিল্লিতে পুলিশের গুলিতে নিহত গ্যাংস্টাররা

বিহারের বিভিন্ন জেলায় তার বিরুদ্ধে খুন, তোলাবাজি ও সংগঠিত অপরাধসহ একাধিক মামলা রয়েছে। রঞ্জনের মাথার দাম ছিল ২৫ হাজার টাকা, এবং তার বিরুদ্ধে অন্তত আটটি ফৌজদারি মামলা চলছে।

Truth of Bengal: রাজধানী দিল্লিতে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে খতম হল বিহারের কুখ্যাত দুষ্কৃতীচক্র ‘সিগমা গ্যাং’-এর চার সদস্য। বুধবার গভীর রাতে উত্তর-পশ্চিম দিল্লির রোহিণী এলাকায় এই এনকাউন্টার ঘটে। পুলিশের তরফে জানানো হয়েছে, রাত আড়াইটে নাগাদ ওই দুষ্কৃতীরা পুলিশের উপস্থিতি টের পেয়েই গুলি চালাতে শুরু করে। পাল্টা গুলি চালায় পুলিশও। সংঘর্ষে চার দুষ্কৃতী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন।নিহত চার দুষ্কৃতীর নাম— রঞ্জন পাঠক (২৫), বিমলেশ মাহাতো (২৫), মণীশ পাঠক (৩৩) এবং আমন ঠাকুর (২১)। পুলিশ সূত্রে খবর, এদের মধ্যে রঞ্জনই ছিল ‘সিগমা গ্যাং’-এর মূলচক্রী।

বিহারের বিভিন্ন জেলায় তার বিরুদ্ধে খুন, তোলাবাজি ও সংগঠিত অপরাধসহ একাধিক মামলা রয়েছে। রঞ্জনের মাথার দাম ছিল ২৫ হাজার টাকা, এবং তার বিরুদ্ধে অন্তত আটটি ফৌজদারি মামলা চলছে। দিল্লি পুলিশ ও বিহার পুলিশের যৌথ অভিযানেই এই দুষ্কৃতীদের খোঁজ পাওয়া যায়। সূত্রের খবর, গত কয়েক দিন ধরে দিল্লিতে গা-ঢাকা দিয়ে ছিল তারা। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে অভিযান চালায় পুলিশ। তখনই শুরু হয় গুলির লড়াই। সংঘর্ষের পরে গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ, এবং ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহে ফরেনসিক বিশেষজ্ঞদের ডাকা হয়।‘সিগমা গ্যাং’-এর সদস্যরা বিহারে বহু অপরাধের সঙ্গে যুক্ত ছিল বলে জানিয়েছে পুলিশ।

তোলাবাজি, চাঁদাবাজি থেকে শুরু করে ভাড়াটে খুনের কাজেও তারা কুখ্যাত ছিল। পুলিশের ধারণা, সামনেই বিহারে বিধানসভা নির্বাচন— তার আগে এই গ্যাং দিল্লিতে জড়ো হয়েছিল বিশেষ কোনও উদ্দেশ্যে। সেই দিকটিও খতিয়ে দেখা হচ্ছে।পুলিশ জানিয়েছে, এই গ্যাংয়ের সঙ্গে যুক্ত আরও কেউ রাজধানীতে লুকিয়ে আছে কি না, তা জানার জন্য তল্লাশি জারি রয়েছে। নিহত চার দুষ্কৃতীর এনকাউন্টারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Related Articles