অ্যাডিলেডে দর্শকদের ‘গুডবাই’ কোহলির, ইঙ্গিত কিসের!
পারথের মত অ্যাডিলেডেও ব্যাট করতে নামার শুরু থেকেই যেন বিরাটের বডি ল্যাঙ্গুয়েজ যেন বলে দিচ্ছিল কনফিডেন্ট লেভেল কতটা কম।
Truth Of Bengal: বিরাট কোহলি, ভারতীয় ক্রিকেটের ‘কিং’ কোহলি। দীর্ঘ বেশ কয়েক মাস পর আবার জাতীয় দলের জার্সিতে মাঠে নেমেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে একদিনের সিরিজে। ২০২৭ সালের বিশ্বকাপের আসরে বিরাটকে আদৌ জাতীয় দলের জার্সিতে খেলবেন কি না, তা নিয়ে জল্পনা চলছে। তার মধ্যেই পারথে প্রথম ম্যাচে বিরাটের রানের ভাড়ারে শোভা পেয়েছিল ‘শূন্য’। এরপর বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় ম্যাচে বিরাটের নামের পাশে সেই ‘শূন্য’। তারপরই ফের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন বিরাট। এরপরও কি তাঁকে আগামী বিশ্বকাপের জন্য গৌতম-আগরকর জুটি দলে রাখবেন, নাকি…!
VIRAT KOHLI GONE FOR HIS SECOND DUCK OF THE SERIES!#AUSvIND | #PlayoftheDay | @BKTtires pic.twitter.com/jqIdvMeX9T
— cricket.com.au (@cricketcomau) October 23, 2025
পারথের মত অ্যাডিলেডেও ব্যাট করতে নামার শুরু থেকেই যেন বিরাটের বডি ল্যাঙ্গুয়েজ যেন বলে দিচ্ছিল কনফিডেন্ট লেভেল কতটা কম। বৃহস্পতিবারের ম্যাচে অভিজ্ঞ অজি বোলারদের পরিবর্তে অনামী বার্টলেট যেভাবে বিরাটের মত ব্যাটারকে বার বার বিব্রত করে শেষ পর্যন্ত প্যাভেলিয়নে ফেরালেন, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। ওভারের শুরু থেকেই নড়বড় বিরাটকে দেখে যেন বাড়তি আত্মবিশ্বাস পেয়ে গিয়েছিলেন বার্টলেট। তাঁর চতুর্থ বল সামলাতে গিয়ে প্যাডে লাগিয়ে এল-বি-ডব্ল হয়ে পড়লেন কোহলি। রিভিউ নিয়েও লাভ হল না। অপূর্ণই থেকে গেল অ্যাডিলেডে প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে ১০০০ রান পূর্ণ করার কৃতিত্বও।
বিরাট ক্রিজ ছেড়ে বেড়িয়ে আসতেই অ্যাডিলেডের দর্শকরা হাত নেড়ে অভিবাদন জানালেন ভারতীয় ক্রিকেটের ‘কিং’-কে। গ্লাভস খুলে পাল্টা অভিবাদন জানালেন কোহলিও। কেননা তাঁর প্রিয় অ্যাডিলেডের মাঠে এরপর আর হয়ত কোনও ম্যাচেই দেখা যাবে না কোহলিকে। এই ঘটনার পরই সোশ্যাল মিডিয়া থেকে আপামর ক্রিকেটপ্রেমীদের মনে সেই প্রশ্নই ঘুরপাক খেতে শুরু করল, ২০২৭ সালের বিশ্বকাপে কি জাতীয় দলের জার্সিতে দেখা যাবে বিরাটকে? কেননা বিশেষজ্ঞরা মনে করছেন অস্ট্রেলিয়া সিরিজই ছিল বিরাটের কাছে শেষ সুযোগ। ফলে তাঁকে ছেঁটে ফেলতে আর এক মুহূর্ত সময় নেবেন কি না গম্ভীর-আগরকর জুটি তা সময়ই বলবে!






