কলকাতা

Alipore Tragedy: আলিপুরের বাড়িতে আলমারির ভিতর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার পঞ্চম শ্রেণির ছাত্রীর দেহ

পরিবার সূত্রে খবর, রবিবার সন্ধ্যায় নাবালিকার বাবা অফিসে ছিলেন এবং তার মা গিয়েছিলেন দীপাবলির বাজার করতে।

Truth of Bengal: দীপাবলির উৎসবের মাঝেই খাস কলকাতায় এক মর্মান্তিক ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আলিপুরের একটি বাড়িতে রহস্যজনক পরিস্থিতিতে এক পঞ্চম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে বাড়ির আলমারির ভিতর থেকে। ঘটনাটি খুন নাকি আত্মহত্যা, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, মৃত ছাত্রীর বয়স ছিল ১১ বছর। সে কলকাতার একটি নামী বেসরকারি স্কুলের ছাত্রী ছিল এবং বাবা-মায়ের সঙ্গে আলিপুরের বাড়িতেই থাকত।

পরিবার সূত্রে খবর, রবিবার সন্ধ্যায় নাবালিকার বাবা অফিসে ছিলেন এবং তার মা গিয়েছিলেন দীপাবলির বাজার করতে। বাজার থেকে ফিরে এসে নাবালিকার মা শত ডাকাডাকি করেও ঘরের দরজা খোলাতে পারেননি। উপায় না পেয়ে তিনি বাধ্য হয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। কিন্তু সারা ঘরে মেয়েকে খুঁজে না পেয়ে শেষ পর্যন্ত তিনি নিজেদের ঘরের বিশাল আলমারিটি খোলেন। তখনই তাঁর সামনে আসে এক হাড়হিম করা দৃশ্য—আলমারির ভিতরে ঝুলন্ত অবস্থায় রয়েছে মেয়ের দেহ। সঙ্গে সঙ্গেই থানায় খবর দেওয়া হয়।

পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, নাবালিকাটি আত্মঘাতী হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই স্পষ্ট হবে। অন্যদিকে, তদন্তকারীরা এই ঘটনার পেছনে খুনের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না। পুলিশ জানিয়েছে, খুন নাকি আত্মহত্যা, তা নিশ্চিত করতে মৃত নাবালিকার সহপাঠী এবং পরিবারের সদস্য সকলকেই জিজ্ঞাসাবাদ করা হবে। উৎসবের মরসুমে এই ঘটনায় গোটা আলিপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Related Articles