এসটিএফ-ফরাক্কা থানার যৌথ অভিযান, উদ্ধার কোটি টাকার মাদক
গোপন সূত্রে খবর পেয়ে ফরাক্কা থানার আইসি নীলোৎপল মিশ্র এবং কলকাতা এসটিএফ-এর যৌথ অভিযানে দুই যুবককে আটক করা হয়।
Truth Of Bengal: কল্যান বিশ্বাস, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের ফরাক্কায় পুলিশের বড়সড় সাফল্য। পাচার করার আগেই উদ্ধার হল প্রায় ১ কেজি ৬৮৬ গ্রাম হেরোইন, যার আনুমানিক বাজারমূল্য এক কোটি ৭০ লক্ষ টাকা। ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুই যুবককে।ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে ফরাক্কার ১২ নম্বর জাতীয় সড়কের সংলগ্ন শঙ্করপুর বাস স্ট্যান্ডের কাছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে রয়েছেন জালাল সেখ (২৪) এবং মাসুম সেখ (২৬)।
দু’জনেই মালদা জেলার কালিয়াচক থানার মহব্বতপুর গ্রামের বাসিন্দা। গোপন সূত্রে খবর পেয়ে ফরাক্কা থানার আইসি নীলোৎপল মিশ্র এবং কলকাতা এসটিএফ-এর যৌথ অভিযানে দুই যুবককে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার হয় ১.৬৮৬ কেজি হেরোইন (ব্রাউন সুগার)।ফরাক্কার এসডিপিও শেখ সামসুদ্দিন জানান, গোপন সূত্রে তথ্য পাওয়ার পরেই দ্রুত অভিযান চালানো হয়।
উদ্ধার হওয়া মাদকটির বাজারমূল্য প্রায় এক কোটি ৭০ লক্ষ টাকা। ধৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, হেরোইনটি কালিয়াচক থেকে ফরাক্কায় আনা হয়েছিল। তবে সেটি কোথায় পাচার করা হচ্ছিল এবং এই চক্রের পেছনে আর কে কে জড়িত, তা খতিয়ে দেখছে ফরাক্কা থানার পুলিশ।স্থানীয় পুলিশ সূত্রের দাবি, সম্প্রতি মুর্শিদাবাদ-মালদা সীমান্তে মাদক পাচারের প্রবণতা বেড়েছে। তাই সীমান্তবর্তী এলাকাগুলিতে নজরদারি আরও বাড়ানো হয়েছে।






