Toxic Syrup: সরকারি হাসপাতালেই ভয়ংকর ঘটনা! গোয়ালিয়রে শিশুকে দেওয়া সিরাপে পোকা, সিল করা হল ৩০৬টি বোতল
ঘটনায় রাজ্যজুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনাটি ঘটেছে গোয়ালিয়র জেলার মোরার এলাকার সরকারি হাসপাতালে।
Truth of Bengal: ‘বিষাক্ত’ কাশির সিরাপ খেয়ে অন্তত ২৪টি শিশুর মৃত্যুর ঘটনার রেশ কাটতে না কাটতে ফের ওষুধ নিয়ে চাঞ্চল্য ছড়াল মধ্যপ্রদেশে। এবার গোয়ালিয়রের একটি সরকারি হাসপাতালে এক শিশুকে দেওয়া অ্যান্টিবায়োটিক সিরাপের বোতলে মিলল পোকা। ঘটনায় রাজ্যজুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনাটি ঘটেছে গোয়ালিয়র জেলার মোরার এলাকার সরকারি হাসপাতালে। অভিযোগ, সেখানে চিকিৎসাধীন এক শিশুকে অ্যাজিথ্রোমাইসিন নামের অ্যান্টিবায়োটিক সিরাপ খাওয়ানো হচ্ছিল। সেই সময় শিশুটির মা দেখতে পান, সিরাপের বোতলের ভিতরে পোকা কিলবিল করছে। সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানান (Toxic Syrup)।
অভিযোগ পাওয়ার পরই তৎপর হয় হাসপাতাল ও রাজ্যের ওষুধ নিয়ন্ত্রণ বিভাগ। গোয়ালিয়রের ড্রাগ ইন্সপেক্টর অনুভূতি শর্মা জানিয়েছেন, ওই মহিলা যখন বোতলটি নিয়ে আসেন, সেটি খোলা ছিল। তবুও অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত শুরু করেছি।প্রাথমিকভাবে অন্য কোনও বোতলে পোকা পাওয়া যায়নি, তবে রোগীদের সুরক্ষার স্বার্থে হাসপাতালে মজুত থাকা একই ব্যাচের ৩০৬টি সিরাপের বোতল সিল করে দেওয়া হয়েছে।ওষুধের নমুনা ভোপালের সরকারি পরীক্ষাগারে পাঠানো হয়েছে, পাশাপাশি কলকাতার সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরিতেও পাঠানো হবে বলে জানা গিয়েছে। হাসপাতাল সূত্রে খবর, এই জেনেরিক ওষুধটি মধ্যপ্রদেশেরই এক স্থানীয় সংস্থার তৈরি। উল্লেখ্য, কয়েক দিন আগেই মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া জেলায় ‘কোল্ডরিফ’ নামের কাশির সিরাপ খাওয়ার পর ২৪ জন শিশুর মৃত্যু হয়েছিল (Toxic Syrup)।
অভিযোগ, ওই ওষুধে বিষাক্ত উপাদান থাকার কারণেই শিশুদের কিডনি বিকল হয়ে যায়। শুধু মধ্যপ্রদেশ নয়, পঞ্জাব, হরিয়ানা ও রাজস্থানেও একই ধরনের সিরাপ খেয়ে বহু শিশু অসুস্থ হয়ে পড়েছিল।ঘটনার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে ‘কোল্ডরিফ’, ‘রেসপিফ্রেস টিআর’ এবং ‘রিলাইফ’ নামে তিনটি কাশির সিরাপের ব্যবহার নিয়ে বিশ্বব্যাপী সতর্কতা জারি করেছে। একাধিক ওষুধ সংক্রান্ত বিতর্কে উত্তাল হয়ে উঠেছে বিজেপি শাসিত “ডবল-ইঞ্জিন” রাজ্য মধ্যপ্রদেশ। একের পর এক ঘটনায় ওষুধ উৎপাদন সংস্থা ও রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উপর উঠছে গুরুতর প্রশ্ন (Toxic Syrup)।






