আন্তর্জাতিক

রণক্ষেত্র পাকিস্তান! টিএলপির আন্দোলন ঘিরে উত্তপ্ত একাধিক শহর

মিছিল ঘিরে চরম অশান্তি দেখা গেল ইসলামাবাদ, লাহোর থেকে শুরু করে রাষ্ট্রের একাধিক জায়গায়।

Truth Of Bengal: গাজায় ইসরাইলি হামলার অভিযোগের পাশাপাশি একাধিক দাবি তুলে সম্প্রতি মিছিলের ডাক দেওয়া হয়েছিল এক চরমপন্থী ইসলামী রাজনৈতিক দল তেহরিক-ই-লাবাইকের (টিএলপি) তরফ থেকে। শুক্রবার সেই মিছিল ঘিরে চরম অশান্তি দেখা গেল ইসলামাবাদ, লাহোর থেকে শুরু করে পাকিস্তানের একাধিক জায়গায়। বলতে গেলে, একেবারে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকাগুলি। এতটাই উগ্র আন্দোলন হয়েছে যে প্রশাসন আপ্রাণ চেষ্টা করেও রুখতে পারেনি।

আরও পড়ুনঃ মুর্শিদাবাদে নাবালক-সহ গ্রেফতার ১২ রোহিঙ্গা

জানা গিয়েছে, আন্দোলনকারীদের রুখতে রাস্তায় জাহাজের কন্টেনার বসানোর পাশাপাশি ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে বন্ধ করে দেওয়া হয়েছিল ইন্টারনেট পরিষেবা। তবে শুধু এই দুই জায়গা নয়, লাহোর ও পেশোয়ারের মতো শহরেও চরম অশান্তি হয়েছে। সংঘর্ষে জড়িয়েছেন আন্দোলনকারী ও পুলিশরা। এর সঙ্গে বেশ কয়েকটি সরকারি সম্পত্তি ও গাড়িও ভাঙচুর করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস ও লাঠিচার্জের আশ্রয়ও নেওয়া হয়। পুলিশের একাংশের দাবি, নিরস্ত্র ছিলেন না বিক্ষোভকারীরা।

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

প্রসঙ্গত, টিএলপির তরফ থেকে এই কর্মসূচি ঘোষণা করার পরই গত ৮ অক্টোবর লাহোর সংগঠনের হেডকোয়ার্টারে তল্লাশি চালানো হয় পাকিস্তানের পাঞ্জাব পুলিশের তরফ থেকে। এরপরই পুলিশের সঙ্গে সংগঠনের কর্মী-সমর্থকদের শুরু হয় দফায় দফায় সংঘর্ষ। এমন পরিস্থিতিতে স্থানীয় প্রশাসনের তরফ থেকে ৯ থেকে ১১ তারিখ পর্যন্ত রাওয়ালপিন্ডি শহরে জারি করা হয় ১৪৪ ধারা।