আবারও তুরস্কে ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৪.৭
জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সের তরফ থেকে জানানো হয়েছে যে কম্পনটি হয় বৃহস্পতিবার রাত তিনটের কিছুক্ষণ আগে।
Truth Of Bengal: ফের ভূমিকম্প তুরস্কতে। দেশটি কেঁপে উঠল মাঝরাতে। যখন ভূমিকম্পটি ঘটে, তখন রীতিমতো ঘুমাচ্ছিলেন বাসিন্দারা। ৪.৭ মাত্রা ছিল কম্পনের রিখটার স্কেলে। পুরো বিষয়টি নিয়ে আতঙ্কিত সেখানকার মানুষ। তবে তুরস্ক চিহ্নিত এমন একটি অঞ্চল বা এলাকা হিসেবে, যেখানে ভূমিকম্প বেশিরভাগ সময়ে হয়। এর আগেও একাধিকবার সেখান থেকে উঠে এসেছে ভূমিকম্প হওয়ার খবর।
জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সের তরফ থেকে জানানো হয়েছে যে কম্পনটি হয় বৃহস্পতিবার রাত তিনটের কিছুক্ষণ আগে। এর উৎসস্থল ছিল সার্ফেস থেকে ১০ কিলোমিটার গভীরে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক সংস্থার বক্তব্য, এমেট থেকে ১৭ কিলোমিটার সাউথ-ওয়েস্টে এবং ৭.৪ কিলোমিটার গভীরে। যদিও এর জেরে কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, তা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে আতঙ্কিত বাসিন্দারা কম্পন বুঝতে পেরেই বাড়ি থেকে বেরিয়ে আসেন।
প্রসঙ্গত, এর আগে ভূমিকম্প হয়েছিল তুরস্কতে কিছুদিন আগেই। গত মাস, অর্থাৎ সেপ্টেম্বরের ২৮ তারিখে, ভূমিকম্পটি হয়। ৫.৪ ছিল রিখটার স্কেলে কম্পনের মাত্রা এবং তা বোঝা গিয়েছিল সাউথ-ওয়েস্ট তুরস্কতে। সেবারও বাসিন্দারা ভয় পেয়ে বাইরে চলে এসেছিলেন। এএফডি জানিয়েছে ৮ কিলোমিটার ভেতরে কুতাহিয়া প্রদেশের সিমাভ শহরে এর কেন্দ্রস্থল ছিল।






