দেশ

সাতসকালে ভূমিকম্প জম্মু-কাশ্মীরে, আন্দামানেও অনুভূত হয় কম্পন

মাটির প্রায় ১০ কিলোমিটার গভীরে, ৩৩.৯° উত্তর ও ৭৪.৭৬° পূর্ব অক্ষাংশে এই ভূমিকম্পের কেন্দ্র ছিল।

Truth Of Bengal: সোমবার সকালে আচমকাই কেঁপে উঠল জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ অঞ্চল। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (GFZ) এর প্রাথমিক তথ্য অনুযায়ী ভোর ৫টা ৩৫ মিনিটে ভূকম্পন অনুভূত হয়। অধিকাংশ মানুষ তখন গভীর ঘুমে থাকলেও কম্পনের অনুভূতি পাওয়া মাত্রই আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসেন অনেকে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৮।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল জম্মু-কাশ্মীরের বুদগাম জেলা। মাটির প্রায় ১০ কিলোমিটার গভীরে, ৩৩.৯° উত্তর ও ৭৪.৭৬° পূর্ব অক্ষাংশে এই ভূমিকম্পের কেন্দ্র ছিল। কেন্দ্রস্থল থেকে চার কিলোমিটার দক্ষিণে চরার-ই-শরিফ, ১৩ কিলোমিটার পূর্বে পুলওয়ামা এবং ২১ কিলোমিটার দূরে শ্রীনগর অবস্থিত। শোপিয়ান ও আশেপাশের অঞ্চলেও কম্পনের দাপট অনুভূত হয়।তবে এখনও এই ভূমিকম্পের কারণে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

একই দিনে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও একটি মৃদু ভূকম্পন অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভোর ৩টা ৩১ মিনিটে নিকোবর অঞ্চলে কম্পন অনুভূত হয়, যার মাত্রা ছিল ৪.৬। এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নিকোবর অঞ্চলের প্রায় ১০ কিলোমিটার গভীরে।

Related Articles