রাজ্যের খবর

নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করল বাংলার পুলিশ! গ্রেফতার ২

ওড়িশা থেকে নিয়ে আসা হচ্ছিল আতশবাজিগুলি

Truth Of Bengal: ফের বড়োসড় সাফল্য পুলিশের। নিষিদ্ধ বাজি নিয়ে প্রশাসন কড়া বার্তা দিয়েছিল আগেই। সামনেই কালীপুজো। আর বাজি কারবারিদের বাজারের সময় এখনই। ফলে তাঁদের ওপর নজরদারি রাখা প্রয়োজন। এতেই সাফল্য মিলল এগরা থানার! বুধবার রাতে ওড়িশা থেকে আগত বিপুল পরিমাণ অবৈধ বাজি বাজেয়াপ্ত করল পূর্ব মেদিনীপুরের এগরা থানার পুলিশ।

আরও পড়ুনঃ এবার বাংলায় SIR! ৭ দিনেই ভোটার ম্যাপিংয়ের কাজ শেষ করার নির্দেশ কমিশনের

পুলিশ সূত্রে খবর, একটি ইঞ্জিন ভ্যানে করে ওড়িশা থেকে বাজি নিয়ে আসার সময় এগরা ২ ব্লকের বেতায় গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ হানা দেয়। প্রায় ৭ লক্ষ টাকা মূল্যের বাজি উদ্ধার হয়। এগরা থানার আইসি অরুন কুমার খাঁর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী হানা দিয়ে বিপুল পরিমান বাজি উদ্ধার করে।

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

পাশাপাশি ইঞ্জিন ভ্যানটি আটক করা হয়। ২ জন বেআইনি বাজি ব্যবসায়ীকে গ্রেফতার করে এগরা থানার পুলিশ। ২ জনের বাড়ি এগরা ২ ব্লকের উত্তর তাজপুর এলাকায়। জানা যায়, অভিযুক্তদের কাঁথি মহকুমা আদালতে তোলা হবে।

উল্লেখ্য, পরিবেশ দূষণ রোধ করতে সক্রিয় প্রশাসন। ফলে নিষিদ্ধ বাজির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে অনেক্ষেত্রেই বারন সত্ত্বেও এই বাজির কেনাবেচা বা আমদানি করা চেষ্টা চলছে। আর সেই চেষ্টাকে বানচাল করল পুলিশ।

প্রসঙ্গত, ৭ ই অক্টোবর নবদ্বীপ থেকে এক বাজি বিক্রেতাকে গ্রেফতার করা হয়। নবদ্বীপ গোস্বামী বাজারে রমরমিয়ে নিষিদ্ধ বাজির ব্যবসা চলছিল। সেখানে হানা দিয়ে প্রায় ২৫ কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার করা হয়।

Related Articles