Android Unification: গুগল এবার অ্যান্ড্রয়েড ও ক্রোম ওএস মিশিয়ে তৈরি করছে ‘সর্বজনীন প্ল্যাটফর্ম’
গুগলের হার্ডওয়্যার প্রধান রিক ওস্টারলো এই জল্পনায় সিলমোহর দিয়ে বলেন, "আমরা এতদিন পিসি এবং স্মার্টফোনের জন্য সম্পূর্ণ ভিন্ন দুটি সিস্টেম তৈরি করছিলাম।
Truth of Bengal: সফটওয়্যার দুনিয়ায় এক যুগান্তকারী পরিবর্তনের আভাস মিলল কোয়ালকম স্ন্যাপড্রাগন সামিট ২০২৫-এ। গুগল নিশ্চিত করেছে, তারা তাদের দুটি জনপ্রিয় অপারেটিং সিস্টেম—অ্যান্ড্রয়েড (Android) এবং ক্রোম ওএস (Chrome OS)-কে একীভূত করার পথে হাঁটছে। এই পদক্ষেপের লক্ষ্য হল স্মার্টফোন, ট্যাবলেট এবং ব্যক্তিগত কম্পিউটারের (PC) মধ্যে এতদিনকার অপারেটিং সিস্টেমের দূরত্ব সম্পূর্ণভাবে মুছে দেওয়া। গুগলের হার্ডওয়্যার প্রধান রিক ওস্টারলো এই জল্পনায় সিলমোহর দিয়ে বলেন, “আমরা এতদিন পিসি এবং স্মার্টফোনের জন্য সম্পূর্ণ ভিন্ন দুটি সিস্টেম তৈরি করছিলাম। এখন আমরা সেই বিভেদ ঘুচিয়ে একটি সাধারণ প্রযুক্তিগত ভিত্তি (Common Technical Foundation) তৈরির প্রকল্প হাতে নিয়েছি (Android Unification)।”
এর মূল অর্থ হল, গুগল এখন অ্যান্ড্রয়েডকে ফোন থেকে শুরু করে ল্যাপটপ বা ডেস্কটপ পর্যন্ত ‘সর্বজনীন প্ল্যাটফর্ম’ (Universal Platform) হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে। এই অভিন্ন প্ল্যাটফর্ম তৈরি হলে ব্যবহারকারীরা মোবাইল ও পিসিতে একই ধরনের অভিজ্ঞতা পাবেন। গুগলের এই বিশাল পরিবর্তনের প্রধান কারণ হলো তাদের অত্যাধুনিক জেমিনাই এআই (Gemini AI), গুগল অ্যাসিস্ট্যান্ট (Google Assistant), এবং অন্যান্য অ্যাপ্লিকেশনের ব্যবহারকে সর্বজনীন করা। একটি একক অপারেটিং সিস্টেম চালু হলে পিসি ব্যবহারকারীরাও সহজেই এই সমস্ত পরিষেবা ও অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবেন, যা মোবাইল এবং পিসির মধ্যে একটি নির্বিঘ্ন অভিজ্ঞতা তৈরি করবে (Android Unification)।
কোয়ালকমের সিইও ক্রিস্টিয়ানো অ্যামন এই নতুন অপারেটিং সিস্টেমের (OS) ঝলক দেখেছেন এবং উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, “আমি নতুন এই ওএস দেখেছি, এটা দারুণ। মোবাইল ও পিসির অভিন্নতার স্বপ্নকে এই সিস্টেম বাস্তবায়িত করবে।” যদিও গুগল এখনও এই অভিন্ন অপারেটিং সিস্টেম বাজারে আনার নির্দিষ্ট সময়সীমা জানায়নি, তবুও প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ বাজারে বড়সড় প্রভাব ফেলবে। এই পদক্ষেপ সরাসরি পিসি বাজারে মাইক্রোসফ্ট (Microsoft) এবং অ্যাপলের (Apple) মতো জায়ান্টদের একচেটিয়া আধিপত্যের উপর তীব্র আঘাত হানবে বলে মনে করা হচ্ছে। গুগল যদি সফলভাবে মোবাইল ও পিসির অভিজ্ঞতাকে এক সুতোয় বাঁধতে পারে, তবে তা সফটওয়্যার দুনিয়ায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে (Android Unification)।






