দেশ

Cash Scandal Case: ‘নগদকাণ্ড’ মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন প্রধান বিচারপতি গাভাই

সেই মামলার শুনানি থেকে এবার নিজেকে সরিয়ে নিলেন ভারতের প্রধান বিচারপতি বি আর গাভাই।

Truth of Bengal: বিতর্কিত নগদকাণ্ডে গঠিত তিন সদস্যের অনুসন্ধান কমিটির রিপোর্টকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি যশবন্ত বর্মা। সেই মামলার শুনানি থেকে এবার নিজেকে সরিয়ে নিলেন ভারতের প্রধান বিচারপতি বি আর গাভাই। বুধবার মামলার শুনানির সময়ে বিচারপতি গাভাই জানান, এই বিষয়ে প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার সঙ্গে পূর্বে আলোচনা করেছিলেন তিনি। ফলে এই মামলায় তাঁর বিচার করা নৈতিকভাবে উপযুক্ত হবে না বলে মত প্রকাশ করেন গাভাই। তিনি বলেন, ‘আমি মনে করি এই মামলার শুনানি আমি করা উচিত নয়। আমি একটি বিশেষ বেঞ্চ গঠন করব, যারা এই মামলাটি শুনবে (Cash Scandal Case)।’

আরও পড়ুন: Birbhum: নতুন প্রজন্মের ভাষা-সংস্কৃতির আত্মগরিমা ধরে রাখতে অভিনব পদক্ষেপ

চলতি বছরের দোলের দিন, দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি যশবন্ত বর্মার বাসভবনের গুদামে আগুন লাগে। দমকল বাহিনী আগুন নিভাতে গিয়ে বস্তা বস্তা আধপোড়া নোটের বান্ডিল উদ্ধার করে। সেখান থেকেই এই ‘নগদকাণ্ড’ নিয়ে শুরু হয় জোর বিতর্ক। এরপর বিচারপতি বর্মাকে দিল্লি থেকে বদলি করে ইলাহাবাদ হাইকোর্টে পাঠানো হয়। পরে এই ঘটনা সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছায়। আদালত হাই কোর্টের তিন বিচারপতিকে নিয়ে একটি অনুসন্ধান কমিটি গঠন করে, যারা তদন্ত করে গত ৩ মে আদালতে মুখবন্ধ রিপোর্ট জমা দেয়। এই রিপোর্টের ভিত্তিতে অবসর গ্রহণের কয়েকদিন আগেই তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে বিচারপতি বর্মার বিরুদ্ধে ইমপিচমেন্ট (অপসারণ) প্রক্রিয়া শুরুর সুপারিশ করেন। তবে বিচারপতি যশবন্ত বর্মা সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে অভিযোগ জানিয়েছেন, সেই তদন্ত কমিটি এটি প্রমাণ করতে পারেনি যে উদ্ধার হওয়া টাকা তাঁরই। উল্টে, টাকা তাঁর নয়, এই প্রমাণের দায় তাঁর উপর চাপিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তোলেন তিনি (Cash Scandal Case)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/

বুধবার  বিচারপতি বর্মার পক্ষে আইনজীবী কপিল সিব্বল সুপ্রিম কোর্টে বিষয়টি জরুরি শুনানির দাবি তোলেন। তাঁর মতে, ‘এই মামলায় সাংবিধানিক প্রশ্ন জড়িত।’ বর্তমানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সরে দাঁড়ানোর সিদ্ধান্তে একটি বিশেষ বেঞ্চ গঠন করে মামলার পরবর্তী শুনানি হবে বলে আদালতের তরফে জানানো হয়েছে। এই মামলার জেরে ভারতের বিচারব্যবস্থার নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিয়ে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে। বিচারপতির বিরুদ্ধে এই ধরনের গুরুতর অভিযোগ এবং সুপ্রিম কোর্টের অন্দরেই চলতে থাকা আইনি লড়াই নজিরবিহীন বলেই মনে করছেন আইনজ্ঞ মহল (Cash Scandal Case)।

Related Articles