বেকারির ভিতর মারণ হামলা, কর্ণাটকে নৃশংস খুন
Deadly attack inside bakery, brutal murder in Karnataka
Truth Of Bengal: কর্ণাটকের কোপ্পাল জেলায় জমি সংক্রান্ত বিবাদের জেরে এক ব্যক্তিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ৩১ মে এবং সম্পূর্ণ ঘটনাটি ধরা পড়েছে বেকারির ভিতরে থাকা সিসিটিভি ক্যামেরায়। নিহত ব্যক্তির নাম চেন্নাপ্পা নারিনাল। সিসিটিভি ফুটেজে দেখা যায়, চেন্নাপ্পা দৌড়ে বেকারির ভিতরে ঢুকছেন বাঁচার আশায়, আর তার পিছু নিয়ে কয়েকজন তাকে কুপিয়ে চলেছে ধারালো মাচেটি দিয়ে। একজন তার মাথায় আঘাত করেন কাঠের লাঠি দিয়ে।
ভয়াবহ সেই ভিডিওতে চেন্নাপ্পার শরীরে কাটার দাগ স্পষ্ট দেখা যায়। তিনি বেকারির ভিতর চক্কর দিচ্ছেন, আর পিছনে সাত অভিযুক্ত তাকে কুপিয়ে চলেছে। কয়েক সেকেন্ড পর তিনি বেকারির বাইরে বেরোতেই, আরও দুই-তিন জন মিলে তাঁকে একাধিকবার ছুরি দিয়ে আঘাত করে। এই মর্মান্তিক ঘটনার পর অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায়।
তবে পুলিশ ইতিমধ্যেই সাত জনকে গ্রেফতার করেছে। ধৃতদের নাম — রবি, প্রদীপ, দুইজন মনজনাথ, নাগরাজ, গৌতম ও প্রমোদ। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, পুরনো শত্রুতা এবং জমি সংক্রান্ত বিরোধ থেকেই এই খুন। সিনিয়র পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং যারা এখনও পলাতক, তাদের ধরতে তল্লাশি শুরু হয়েছে। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানা গেছে। পুলিশ আশ্বাস দিয়েছে, অপরাধীদের কাউকে ছাড়া হবে না।






